আজকাল ওয়েবডেস্ক: পোড়া, দাগ লাগা, ছেঁড়া জামার জায়গা হয় আর্বজনার স্তূপে। সামান্য খাবারের দাগ লাগলেই, সেটি আর কেউ গায়ে চাপান না। কিন্তু গরম ইস্ত্রির ছ্যাঁকা দেওয়া জামাও এবার বিক্রি হচ্ছে দোকানে। তাও আবার বিলাসবহুল এক ব্র্যান্ড সেই জামা বিক্রি করছে লাখ টাকা দামে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভেটমেন্টস একটি বিলাসবহুল ব্র্যান্ড ২০১৪ সালে জর্জিয়ান ডিজাইনার ডেমনা গভাসালিয়া দ্বারা প্রতিষ্ঠিত এটি। সেই জামাকাপড়ের ব্র্যান্ড এবার গরম ইস্ত্রির ছ্যাঁকা দেওয়া পোড়া জামা বিক্রি করছে। তাও আবার এক লক্ষ টাকা দামে।
সম্প্রতি সেই পোড়া জামার ছবিটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর নেটিজেনদের চোখ ছানাবড়া। ভেটমেন্টস ব্র্যান্ডের সমালোচনা করতেও পিছপা হননি কেউ। একটি সাদা জামার বুক পকেটেই রয়েছে ইস্ত্রির ছ্যাঁকা দেওয়া পোড়া দাগ। সাধারণত দীর্ঘক্ষণ কোনও জামায় গরম ইস্ত্রি রাখা থাকলে, যেরকম পোড়া দাগ লেগে যায়। তেমনটাই দেখা গেছে ওই সাদা জামায়।
পোড়া দাগ দেওয়া জামাটির ডিজাইনের নাম দেওয়া হয়েছে 'হোয়াইট আয়রনিং বার্ন গ্রাফিক ডিজাইন'। ওভারসাইজ জামাটিতে সেই পোড়া দাগকে ডিজাইন হিসেবে জানিয়েছে ওই ব্র্যান্ড। জামাটি বিক্রি হচ্ছে ভারতীয় মুদ্রায় এক লক্ষ টাকায়। সাধারণ সাদা শার্টের দামের তুলনায় যা কয়েকগুণ বেশি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই কেউ কেউ মজার কমেন্ট করেছেন। একজন লিখেছেন, 'আমার মা ফ্রি-তে এমন জামা বানিয়ে দেবে।' আরেকজন লিখেছেন, 'বাড়ির পাশের ইস্ত্রির দোকানে হামেশাই এমন জামা পাওয়া যাবে।' এক তরুণী লিখেছেন, 'আমি আর বলব না, আমার স্বামীর জামা পুড়িয়ে দিয়েছে। এবার থেকে বলব, ওই জামাটি আমি কিনে এনেছি।'
সমালোচনা করে একজন লিখেছেন, 'এটি ফ্যাশন নয়। ফ্যাশনের নামে যা ইচ্ছে চলতে পারে না।' আরেকজন লিখেছেন, 'ডিজাইন যাই হোক, দেখতে খুব খারাপ লাগছে।' এক যুবক লিখেছেন, 'ফ্রিতে এমন শার্ট বিক্রি করলেও কেনা উচিত নয়।' ধনী ব্যক্তিরা স্রেফ টাকা ওড়ানোর জন্য এমন শার্ট বেছে নেবেন বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।
