আজকাল ওয়েবডেস্ক: বাড়ি ভেসে থাকবে শূন্যে? এও সম্ভব! ভূমিকম্পের দেশ জাপান। সেখানকার বাড়িঘর বাঁচাতে এক অভাবনীয় প্রযুক্তি নিয়ে এল ‘এয়ার ডানশিন সিস্টেমস’ নামের একটি সংস্থা। উদ্ভাবক শোইচি সাকামোটো। তাঁর এই বিশেষ প্রযুক্তিতে ভূমিকম্পের সময়ে আস্ত বাড়িটাই শূন্যে ভেসে থাকবে। 

কার্যপদ্ধতিটি বেশ সহজ। বাড়ির নীচে একটি ‘এয়ার চেম্বার’ বা হাওয়া ভরার ঘর থাকে। ভূকম্পন টের পেলেই এক সেকেন্ডের মধ্যে তীব্র চাপে বাতাস ঢুকে বাড়িটিকে মাটি থেকে ৩ সেন্টিমিটার উঁচুতে তুলে দেয়। ফলে মাটির আলোড়ন বাড়ি স্পর্শ করতে পারে না। কম্পন থামলে এটি আবার স্বাভাবিক জায়গায় নেমে আসে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও আপৎকালীন ব্যাটারিতেই চালু থাকে পুরো ব্যবস্থা।

জানা গিয়েছে, খরচের নিরিখেও এটি তথাকথিত অন্যান্য পদ্ধতির চেয়ে অনেক সস্তা। ইতিমধ্যেই জাপানের প্রায় ৯০টি বাড়িতে এটি সফল ভাবে বসানো হয়েছে। 

এক পরীক্ষাতেও দেখা গিয়েছে- কৃত্রিম কম্পনের সময়ে শূন্যে ভেসে থাকা বাড়ির ভিতরের আসবাব তো দূর, একটি কাঁচের গ্লাসও উল্টে পড়েনি।

তবে আমেরিকার বিশেষজ্ঞ ডেক স্মিথ কিছুটা সতর্কতার বার্তা দিয়েছেন। তাঁর মতে, অতি তীব্র বা বহুমুখী ভূকম্পনে এটি কতটা কার্যকর হবে, তা আরও যাচাই করা প্রয়োজন। তা সত্ত্বেও, 'কান্টো' বা 'তোহকুর' মতো একের পর এক ভয়াবহ ভূমিকম্পের মোকাবিলা করার ক্ষেত্রে জাপানে এই নতুন পদ্ধতি সুরক্ষার দিশা দেখাচ্ছে।