আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে মেয়রের বাসভবনের সামনে বোমা হামলার চেষ্টা করার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংক্রান্ত একাধিক মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, হামলার পরিকল্পনাটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট্ (আইএস)-এর করা।
গ্রেপ্তার হওয়া দু’জন হলেন ১৮ বছরের এমির বালাত এবং ১৯ বছরের ইব্রাহিম কায়ুমি। পুলিশ জানিয়েছে, শনিবার তারা নিউ ইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানসন-এর বাইরে একটি বিক্ষোভের সময় দুটি বিস্ফোরক ছোড়ার চেষ্টা করে। ওই বাড়িতেই থাকেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে সৌভাগ্যবশত কোনও বিস্ফোরকই বিস্ফোরিত হয়নি। পরে পুলিশের তল্লাশিতে অভিযুক্তদের গাড়ি থেকে আরও একটি বোমা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায় যে তারা এমন একটি হামলা করতে চেয়েছিল যা ২০১৩ সালের বোস্টন ম্যারাথন বম্বিং-এর থেকেও বড় হবে। ওই হামলায় তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন, যাদের মধ্যে অনেকেরই অঙ্গহানি হয়। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস জানিয়েছেন, দুই অভিযুক্তই আইএসের প্রচারমূলক ভিডিও দেখত এবং নিজেদের বক্তব্যে সেই সংগঠনের প্রতি সমর্থনের কথা স্বীকার করেছে। যদিও তাদের কারও বিরুদ্ধে আগে কোনও অপরাধমূলক রেকর্ড ছিল না।
পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার সময় বালাত নাকি বলেছিল, “আমি না করলে অন্য কেউ এসে করবে।” পরে সে আরও দাবি করে যে সে আশা করেছিল হামলাটি বস্টন ম্যারাথন হামলার থেকেও বড় হবে। সোমবার প্রথম আদালত পেশ করার সময় দুই অভিযুক্তকে কারাবন্দি অবস্থায় রাখার নির্দেশ দেন ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারক। আগামী ৮ এপ্রিল আবার তাদের আদালতে তোলা হবে।
বালাতের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল একজন উচ্চমাধ্যমিকের ছাত্র এবং মার্কিন নাগরিক, যার আগে কখনও গ্রেপ্তার হওয়ার ঘটনা নেই। তবে তার ব্যক্তিগত জীবনে নানা জটিলতা রয়েছে বলেও দাবি করেন তিনি। তদন্তে জানা গেছে, একটি বিস্ফোরক তৈরি করা হয়েছিল ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড (TATP) নামে অত্যন্ত বিপজ্জনক ও বিপজজনক ঘরোয়া বিস্ফোরক দিয়ে। এই ধরনের বিস্ফোরক অতীতে একাধিক জঙ্গি হামলায় ব্যবহৃত হয়েছে।
বিস্ফোরকগুলি ছিল কাচের বোতলে ভরা, যার চারপাশে নাট-বোল্ট লাগানো ছিল যাতে বিস্ফোরণের সময় বেশি ক্ষয়ক্ষতি হয়। ঘটনাটি ঘটে একটি ইসলামবিরোধী বিক্ষোভের সময়। এই বিক্ষোভের আয়োজক ছিলেন মার্কিন ডানপন্থী ইনফ্লুয়েন্সার জেক ল্যাং, যিনি ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল হামলা মামলার এক অভিযুক্ত ছিলেন এবং পরে রেহাই পান।
বিক্ষোভস্থলে বিপরীত মতের প্রায় ১০০ জনেরও বেশি পাল্টা বিক্ষোভকারী উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যেই অভিযুক্তরা বিস্ফোরক ছোড়ার চেষ্টা করে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সময় পাল্টা বিক্ষোভকারীদের ওপর মরিচ স্প্রে ব্যবহার করার অভিযোগে ২১ বছরের ইয়ান ম্যাকগিনেস নামের এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে ও আরও তিনজনকে বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, তদন্তে সহায়তা করছে গোয়েন্দা সংস্থা এফবিআই-এর যৌথ সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্স। তারা ঘটনাস্থলের ভিডিও বিশ্লেষণ, সাক্ষ্য সংগ্রহ এবং সম্ভাব্য জঙ্গি যোগাযোগের দিকগুলো খতিয়ে দেখছে। মেয়র মামদানি এক বিবৃতিতে বলেছেন,
“যারা এই হামলার চেষ্টা করেছে তাদের আইনের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। নিউ ইয়র্কে সন্ত্রাসবাদ বা হিংসার কোনও স্থান নেই।”
