আজকাল ওয়েবডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই কি গুরুতর অসুস্থ? গত ফেব্রুয়ারির ভয়াবহ হামলার পর থেকেই এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। অবশেষে যাবতীয় জল্পনায় জল ঢেলে ইরান প্রশাসন জানাল, খামেনেই-পুত্র কেবল সুস্থই নন, বরং আড়াল থেকেই বহাল তবিয়তে আছেন।

ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আয়াতোল্লাহ মহসেন কোমি সাফ জানিয়েছেন, মোজতবার শারীরিক অবস্থা নিয়ে পশ্চিমি দুনিয়া ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে। তাঁর কথায়, ‘‘শত্রুপক্ষ চাইছে আমরা যেন চাপে পড়ে কোনও প্রতিক্রিয়া দিই। কেন তিনি সামনে আসছেন না বা ভিডিও বার্তা দিচ্ছেন না- এসব প্রশ্ন তুলে আসলে আমাদের মুখ খোলাতে চাইছে তারা। কিন্তু জেনে রাখুন, তিনি বহাল তবিয়তেই আছেন।’’

গত ২৮ ফেব্রুয়ারি প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনেই-এর বাসভবনে ইজরায়েলি হানার সময় মোজতবা ওই বাড়িতেই ছিলেন। সেই হামলায় তাঁর স্ত্রী ও পুত্র প্রাণ হারান। কোমি স্বীকার করেছেন, ওই দিন মৃত্যু মোজতবাকে ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘‘বিস্ফোরণের ঠিক কয়েক মিনিট আগেই তিনি ঘর থেকে বেরিয়ে খোলা প্রাঙ্গণে এসেছিলেন। চোট পেলেও ঈশ্বরের কৃপায় তিনি রক্ষা পেয়েছেন।’’

তেহরানের দাবি, শারীরিক চোট সারিয়ে মোজতবা এখন পুরোপুরি সক্রিয়। প্রশাসন সূত্রের খবর, বিদেশের সঙ্গে আলোচনা থেকে শুরু করে যুদ্ধের রণকৌশল- সবটাই এখন তাঁর কড়া নজরে রয়েছে। এমনকী মধ্যস্থতাকারী দলকেও তিনি নির্দিষ্ট নির্দেশ পাঠাচ্ছেন।

একই সুরে ভারতে নিযুক্ত ইরানের উপ-প্রতিনিধি মহম্মদ হোসেন জিয়াইনিয়া-ও জানিয়েছেন, কয়েক দিন আগেই তাঁদের সঙ্গে মোজতবার কথা হয়েছে। তিনি যথেষ্ট সুস্থ আছেন।

এর আগে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ দাবি করেছিল, হামলার পর থেকে মোজতবা জনসমক্ষে না আসায় তাঁর বেঁচে থাকা নিয়ে সংশয় দানা বাঁধছে। তেহরানের এই সাম্প্রতিক বয়ান সেই ধোঁয়াশা কাটানোরই মরিয়া চেষ্টা বলে মনে করছে কূটনৈতিক মহল।