আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের অষ্টম দিন। ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের ঝাঁঝ এখনও কমেনি। এর মধ্যেই প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। একটি শর্তে আর আক্রমণ না করার প্রতিশ্রুতিও দিলেন তিনি। 

এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান সাফ জানিয়ে দিলেন, উপসাগরীয় এলাকার দেশগুলির সঙ্গে ইরানের শত্রুতা নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলকে ইরানের বিরুদ্ধে হামলায় আর মদত না দিলে, কোনও প্রতিবেশী দেশেই ইরান হামলা করবে না। 

এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট পেজ়েশকিয়ান। গতকাল শুক্রবার ডোনাল ট্রাম্প জানিয়েছিলেন, 'ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, কোনও কূটনৈতিক পথ বেছে নেওয়ার আগেই। যদি একজন সঠিক ও গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হন, তবেই মার্কিন যুক্তরাষ্ট্র ও এবং অন্যান্য দেশগুলি মিলিত হয়ে ইরানকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ইরানের অর্থনীতি পুনরুদ্ধার করতে এবং দেশটিকে আবার শক্তিশালী করতে একযোগে কাজ করা হবে।' 

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, 'এটা ট্রাম্পের একটা স্বপ্ন এবং এই স্বপ্ন নিয়েই তাঁকে সমাধিস্থ হতে হবে।' অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের কাছে এখনই মাথা নত করবে না ইরান। 

গত শনিবার সকালে ইরানের তেহরানে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালায়। এই হামলায় নিহত হয়েছেন ইরানের প্রাক্তন শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। শীর্ষ নেতার মৃত্যুর পরেই ইরানে প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের সেই কাউন্সিল দেশ চালাচ্ছে। 

এই হামলার পরেই ইরানের তরফে প্রতিবেশী দেশগুলিতে পাল্টা হামলা করা হয়। বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি আক্রমণ করছিল ইরান। যা ঘিরে সমালোচনার মুখেও পড়ে ইরান।‌ এবার ইরানের প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিলেন, সামরিক বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে আর কোনও প্রতিবেশী দেশে হামলা করবে না ইরান। উপসাগরীয় অঞ্চলের কোনও দেশ থেকে ইরানের উপর হামলা না হলে, তারাও আর হামলা করবে না।