আজকাল ওয়েবডেস্ক: বুধবার ইরানকে আরও একবার চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরানের জন্য আমেরিকার 'নরম পন্থার' দিন শেষ। ট্রাম্পের ভাষায়, ইরান এবার আর ‘ভদ্রলোকের’ মুখোমুখি হচ্ছে না।
রীতিমত ইরানকে বিঁধে ট্রাম্প লিখেছেন, ‘‘নিজেদের সামলাতে পারছে না ইরান। একটি পরমাণু-মুক্ত চুক্তিতে সই করার যোগ্যতাও তাদের নেই। ওদের এবার বুদ্ধি হওয়া উচিত!’’ এই বার্তার সঙ্গেই ট্রাম্প নিজের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁর হাতে একটি আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে।
এর কয়েক ঘণ্টা আগেই ইরান ‘ভেঙে পড়ার মুখে’ বলে দাবি করেছিলেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘ওরা চাইছে আমরা যেন দ্রুত হরমুজ প্রণালী খুলে দিই। আসলে ওরা এখন নেতৃত্ব নিয়ে সমস্যায় রয়েছে।’’
বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা থমকে গিয়েছে। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তিনি পাকিস্তানে কোনও মার্কিন প্রতিনিধিদল পাঠাবেন না। উল্লেখ্য, ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে পাক বিদেশমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন।
প্রথমে শোনা গিয়েছিল, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এই আলোচনায় আমেরিকার হয়ে নেতৃত্ব দেবেন। কিন্তু পরে ট্রাম্প জানান, তিনি কাউকেই পাঠাচ্ছেন না। তাঁর যুক্তি, ইরানের কাছে কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই। আর লক্ষ্যহীনভাবে পাকিস্তান সফরের বিপুল খরচ বইতে রাজি নন ট্রাম্প।















