আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের মাটিতে ভারতের এক টুকরো জমি যেন। ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের এই দেশের এক প্রান্তে মিশে রয়েছে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য। অলিগলিতে ভারতীয় খাবারের গন্ধ। সংস্কৃতিও বজায় রয়েছে খাঁটি ভারতীয়দের মতোই। সেই 'মিনি ইন্ডিয়া' এক নিমেষে তছনছ ইরানের হামলায়।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণ ইজরায়েলের নেগেভ মরুভূমির পাশেই অবস্থিত ডিমোনা শহর। যে শহরের পরিচিতি পারমাণবিক কেন্দ্রের জন্যেই। এই শহরেই প্রচুর ভারতীয়র বাস। যার জেরে 'মিনি ইন্ডিয়া' নামেই পরিচিত। শনিবার রাতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় তছনছ এই শহর। ডিমোনা শহরেই আহত হয়েছেন ৩৩ জন। আশঙ্কাজনক দু'জন। 

 

ডিমোনা শহরের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই ভারতীয় বংশোদ্ভূত ইহুদি। ৭৫০০ জন ভারতীয় বংশোদ্ভূত ইহুদির বসবাস এখানে। বেশিরভাগই ১৯৫০ ও ৬০-এর দশকে ভারত থেকে এখানে বসবাস শুরু করেন। মহারাষ্ট্রের বাসিন্দা বেশিরভাগ, কেরল ও কলকাতার বাসিন্দাও রয়েছেন। 

 

ভারতীয় বংশোদ্ভুত ইহুদিরা এখানেই হিরে ব্যবসায়ী, তথ্যপ্রযুক্তি কর্মী ও আরও সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন। এই শহরের বহু দোকানে বিক্রি হয় জিলিপি, ভেলপুরি, পাপড়ি চাট, সোনপাপড়ি, গুলাব জামুন।‌ কখনও কখনও বলিউডের গানের সুর ভেসে আসে কোনও ঘর থেকে। ক্রিকেট খেলার ভক্ত এই শহরের বাসিন্দারা। 

 

শনিবারই ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রকে নিশানা করেছিল ইজ়রায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেই হামলার ‘বদলা’ নিতেই ইজ়রায়েলের ডিমোনা শহরে শমিন পেরেজ় নেগেভ পরমাণু গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই হামলায় শতাধিক আহত হয়েছেন বলে ইজ়রায়েলের সাংবাদমাধ্যমগুলিতে দাবি করা হয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইজরায়েলের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার পাল্টা জবাব হিসেবেই ডিমোনায় হামলা করেছে তারা।