আজকাল ওয়েবডেস্ক: দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ইরানের সরকারি সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এবার দেশ চালাবে কে? খানিকক্ষণেই ইরানে বড়সড় পদক্ষেপ করা হল। 

 

আপাতত ইরানের প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিল তৈরি করা হয়েছে। ইরানের অন্তর্বতী নেতৃত্বে থাকবে এই তিন সদস্যের নেতৃত্ব। সর্বোচ্চ নেতা খামেনেই-র মৃত্যুর পর ইরানে টানা ৪০ দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। খামেনেইর মৃত্যুর খবর রটে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশ চালানোর দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে এই নতুন কাউন্সিলকে। 

 

রবিবার সকালে ইরানের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান, বিচারব্যবস্থার প্রধান এবং অভিভাবক কাউন্সিলের এক আইন বিশেষজ্ঞকে নিয়ে একটি তিন সদস্যের কাউন্সিল তৈরি করা হচ্ছে। ইরানের পরবর্তী শাসক নির্ধারিত না-হওয়া পর্যন্ত এই কাউন্সিল দেশ চালাবে। 

 

অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। পাশাপাশি ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে তারা। খামেনেইর হত্যাকারীদের খতম করার হুঁশিয়ারি দিয়েছে তারা। 

 

আজ সকালে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘সবচেয়ে ভয়ঙ্কর’ হামলা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। একটি বিবৃতিতে তারা দাবি জানিয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় হামলাটা এ বার তারা করবে। 

 

গতকাল শনিবার ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল৷ সঙ্গে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ শনিবার সকালে তেহরানে প্রথম হামলা চালায় ইজরায়েল৷ ইরানের সুপ্রিম ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দপ্তরের কাছেই বিস্ফোরণ ঘটে৷ তিনি আপাতত নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছিল ৷ 

 

পরে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, সারা দেশে আক্রমণ চালিয়েছে ইজরায়েল৷ দেশের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রথম এই আক্রমণের বিষয়টি নিশ্চিত করে৷ পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সামরিক অভিযানে কথা ঘোষণা করেন৷ 

 

শনিবার রাতে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবি, দুবাই, কাতারের দোহা, সৌদি আরবের রিয়াদে একের এক পর হামলা চালাচ্ছে ইরান। শনিবার সন্ধ্যায় দুবাইয়ের বুর্জ খলিফার পাশেই বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। যার জেরে নিমেষের মধ্যে বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়। পাম জুমেইরাহ-তেও ক্ষেপণাস্ত্রের অংশ আছড়ে পড়ে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।