আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরেই লেবাননে ভয়ঙ্কর হামলা ইজরায়েলের। এর জেরেই আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। গতকাল রাতে লেবাননে হিজবোল্লার ঘাঁটিতে ইজরায়েলের এই হামলা, যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। এর জেরেই কড়া পদক্ষেপ ইরানের।
লেবাননে এই হামলার পরেই ইরান সাফ জানিয়ে দেয়, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি কমিটির মুখপাত্র এব্রাহিম রেজাইয়ের বক্তব্য, "লেবাননের বিরুদ্ধে এই ভয়ঙ্কর আগ্রাসনের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনই বন্ধ করা উচিত। লেবাননের মানুষ আমাদের জন্য প্রাণ দিয়েছে, আমরা তাদের এক মুহূর্তের জন্যও একা ছেড়ে যেতে পারি না। যুদ্ধবিরতি হবে সব ফ্রন্টে, না হলে কোথাও নয়।'
এই হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হিজবোল্লার কারণে লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। এই হামলাকে 'আলাদা সংঘর্ষ' বলে উল্লেখ করেছেন তিনি। যদিও খানিকক্ষণ পরেই বলেন বিষয়টি 'মিটিয়ে নেওয়া হবে'।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১০ মিনিটে লেবাননে ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইজরায়েল। গতকালের হামলায় দুই শতাধিক বাসিন্দার মৃত্যু হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এই হামলায় সব মিলিয়ে ২৫৪ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন ৮০০-রও বেশি মানুষ।
সূত্রের খবর, এখনও পর্যন্ত লেবাননের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইজরায়েল। বেইরুট, বেকা উপত্যকা, দক্ষিণ লেবাননজুড়ে হিজবোল্লার ১০০টিরও বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেল আভিভ।
বুধবার ইরানের সঙ্গে দু'সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় বুধবার ভোরে তিনি এই ঘোষণা করেছেন।
ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র, দু’দেশই সামরিক অভিযান বন্ধ রাখবে। অন্যদিকে ইরানের তরফে জানানো হয়েছে, এই সপ্তাহে হরমুজ প্রণালীও খুলে দেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। ৩ মার্চ থেকে হরমুজ প্রণালী বন্ধ ছিল। যুদ্ধবিরতির ঘোষণা হতেই অবশেষে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হরমুজ প্রণালী খুলে গিয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই আবারও তা বন্ধ করল ইরান।
হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছিল। যার জেরে ভারতে একধাক্কায় বাণিজ্যিক ও গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। হরমুজ প্রণালী খুলে যেতেই পারে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় নামল। বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ মার্কিন ডলারের নীচে নেমে গেছে।















