আজকাল ওয়েবডেস্ক: ইরানের সংসদে স্পিকার মহম্মদ বাকের গালিবাফ রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি উত্তেজনা নিয়ে দ্বিমুখী কৌশলের ইঙ্গিত দিয়েছেন। চলতি পরিস্থিতিতে একদিকে গালিবাফ জানিয়েছেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলতি সমস্যা সমাধানের জন্য তেহরান প্রস্তুত।

আবার এটাও জানিয়েছেন, আপাতত যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইরান সামরিক দিক থেকে পূর্ণ সতর্কতা জারি রেখেছে। একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে ভাষণ দেওয়ার সময় গালিবাফ দাবি করেন, যুদ্ধের সময় ইরান নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।

এখন সেই অবস্থানে থেকেই আলোচনায় বসতে চায় তারা। একইসঙ্গে গালিবাফ যে কোনও পরিস্থিতিতে তৈরি থাকার কড়া হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্য, ‘আমরা সম্পূর্ণ প্রস্তুত। ওরা সামান্যতম ভুল করলেই আমরা পূর্ণ শক্তি নিয়ে জবাব দেব।’

এই মন্তব্যে যেমন ইরানের কড়া অবস্থান স্পষ্ট হয়েছে, তেমনই বর্তমানে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টাও উঠে এসেছে। গালিবাফ আরও দাবি করেন, আগের সংঘর্ষগুলির তুলনায় সামরিক দিক থেকে ইরানের ক্ষমতা অনেকটাই উন্নত হয়েছে।

তাঁর কথায়, ‘বর্তমানে আমাদের আক্রমণাত্মক ক্ষমতা ও পরিকল্পনা আগের তুলনায় অনেক এগিয়েছে। যুদ্ধ চলাকালীন তা স্পষ্ট হয়ে গিয়েছে বিশ্বের সামনে।’

তবে গালিবাফ স্বীকার করেন, সম্পত্তি এবং অভিজ্ঞতার দিক থেকে যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে রয়েছে। তিনি বলেন, ‘আমরা সামরিকভাবে আমেরিকার চেয়ে শক্তিশালী নই। তাদের কাছে অনেক বেশি অর্থ, সরঞ্জাম ও সম্পদ রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালানোর ফলে তাদের অভিজ্ঞতাও বেশি।’

তবুও গালিবাফের দাবি, সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে ইরান তাদের প্রতিপক্ষের মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তিনি এই সংঘাতকে ‘অসম যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে শত্রুকে ব্যাকফুটে যেতে বাধ্য করেছি। ওদের অর্থ ও সম্পদ আমাদের থেকে বেশি ঠিকই। কিন্তু কৌশলগতভাবে ওরা কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।’

এছাড়াও তিনি প্রতিপক্ষের কৌশলগত ভুলের কথাও উল্লেখ করেন। তাঁর মতে, ‘ওরা কৌশলগত সিদ্ধান্ত ঠিকঠাক ভাবে নিতে পারেনি। আমাদের জনগণ সম্পর্কে ওদের যেমন ধারণা ভুল তেমনই ওদের সামরিক পরিকল্পনাও ত্রুটিপূর্ণ।’