আজকাল ওয়েবডেস্ক: ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইজরায়েল-এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে ভর্ৎসনা করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দুই নেতার মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপে এই উত্তেজনার সৃষ্টি হয়, যা কূটনৈতিকস্তরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে নেতানিয়াহু ও ভ্যান্সের মধ্যে হওয়া ওই ফোনালাপ ছিল বেশ চড়া। আলোচনায় ভ্যান্স সরাসরি যুদ্ধ পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর কিছু মূল্যায়নের সমালোচনা করেন এবং তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

বিশেষ করে, ইরান-এ সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর অতিরিক্ত আত্মবিশ্বাস ভ্যান্সের কাছে অযৌক্তিক বলে মনে হয়েছে। প্রতিবেদনে উল্লেখ, যুদ্ধ শুরুর আগে নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে বোঝানোর চেষ্টা করেছিলেন যে, সেই সময়ে হামলা চালালে ইরানে সরকার পরিবর্তন সহজ হবে।

নেতানিয়াহু—যিনি ‘বিবি’ নামেও পরিচিত। তিনিই ট্রাম্পকে এই ধারণা দিয়েছিলেন যে ইরানের শাসনব্যবস্থা দুর্বল এবং দ্রুত পরিবর্তন সম্ভব। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন, যা নেতানিয়াহুর ভাবনার সঙ্গে মিলছে না বলে মনে করেন ভ্যান্স। এই বিষয়টিই ফোনালাপের সময় স্পষ্টভাবে উঠে আসে।

ফোনালাপের পর আমেরিকার এক কর্মকর্তা অভিযোগ করেন, ভ্যান্সের অবস্থানকে দুর্বল করতে ইজরায়েল নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করছে। তাঁর দাবি, কূটনৈতিক পরিসরে ভ্যান্সের গ্রহণযোগ্যতা কমিয়ে দিতে বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে।

বর্তমানে যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমাধান খুঁজতে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং ভ্যান্স নিজেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এই ত্রিমুখী কূটনৈতিক উদ্যোগ, মধ্য এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

একই কর্মকর্তা আরও দাবি করেন, “ভ্যান্স ইরানের প্রতি নমনীয়”—এমন ধারণা ছড়িয়ে দেওয়ার পেছনেও ইজরায়েলের ভূমিকা থাকতে পারে। কূটনৈতিক আলোচনায় ভ্যান্সের অবস্থানকে নড়বড়ে করতে মরিয়া ইজরায়েল, মনে করছে ওয়াশিংটন।

অন্যদিকে, আরেক শীর্ষ মার্কিন কর্মকর্তা মনে করেন, কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে ভ্যান্স বর্তমানে সবচেয়ে কার্যকরী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর মতে, ইরান যদি ভ্যান্সের সঙ্গে কোনও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে কোনও চুক্তি হওয়ার সম্ভাবনাও খুব কমে যাবে।