আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুব শীঘ্রই খুলে দেওয়া হবে।
তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। বরং, স্বীকার করেছেন হরমুজ পুনরায় স্বাভাবিক করা মোটেই সহজ হবে না। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটা সহজ হবে না।
তবে আমি বলব, আমরা খুব শীঘ্রই হরমুজ খুলে দেব।’ ট্রাম্প আরও ইঙ্গিত দেন, এই উদ্যোগে অন্যান্য দেশও সহায়তা করতে আগ্রহী। যদিও তিনি কোনও নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।
তিনি বলেন, ‘অনেক দেশই হরমুজ প্রণালী ব্যবহার করে। তাই তারা এগিয়ে আসছে। তারাও আমাদের সাহায্য করবে।’ এছাড়া ট্রাম্প স্পষ্ট করে দেন, আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানকে কোনও ধরনের টোল আদায় করতে দেওয়া হবে না।
সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তেহরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজের ওপর প্রতি ব্যারেলে ১ ডলার করে টোল আরোপ করতে পারে।
তবে ইরানের সঙ্গে এই গুরুত্বপূর্ণ প্রণালীর নিয়ন্ত্রণ ভাগ করে নেওয়া দেশ ওমান এই ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। সংঘাত শুরুর পর থেকে তেহরান হরমুজ প্রণালী অবরোধ করে রাখায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় বিপর্যয় সৃষ্টি হয়েছে।
বিশ্বের মোট তেল ও এলপিজি গ্যাসের প্রায় ২০ শতাংশ হরমুজ দিয়ে পরিবাহিত হয়। এদিকে, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো মিত্রদের পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ন্যাটোর মহাসচিব মার্ক রুট ইউরোপীয় দেশগুলিকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট কয়েক দিনের মধ্যেই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চান।















