আজকাল ওয়েবডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর ডেপুটি ডিরেক্টর ড্যান বোঙ্গিনো পদত্যাগ করলেন। আগামী জানুয়ারিতেই তিনি সরে যাবেন বলে জানিয়েছেন। নিজের এই সিদ্ধান্তের কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও জানিয়ে গিয়েছেন এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর।
একদা দক্ষিণপন্থী প্রাক্তন এই পডকাস্টার বুধবার সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা জানান। ১০ মাসেরও কম সময় এই পদে চাকরি করার পর পদত্যাগ করতে চলেছেন তিনি। ৫১ বছর বয়সি ড্যান অবশ্য জানাননি, কেন এই পদক্ষেপ করতে চলেছেন। পোস্টে লিখেছেন, ‘আগামী জানুয়ারি মাসে আমি এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়াব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ডিরেক্টর কাশ প্যাটেলকে ধন্যবাদ জানাই। দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। ঈশ্বর আমেরিকা ও আমেরিকানদের মঙ্গল করুন।’
ড্যানের ইস্তফার খবর জানার পর ট্রাম্প জানিয়েছেন, তিনি হয়ত তাঁর জনপ্রিয় পডকাস্টে ফিরে যেতে চান। সে জন্যই ইস্তফা দিয়েছেন। ট্রাম্পের কথায়, ‘ড্যান দুর্দান্ত কাজ করেছেন। তবে আমার মনে হয়, তিনি এবার তাঁর শো–এ ফিরে যেতে চান।’
এটা ঘটনা, এফবিআই–তে যোগদানের আগে নিউইয়র্ক পুলিশের অফিসার এবং সিক্রেট সার্ভিস এজেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেছেন ড্যান। তারও আগে নিজের নামেই একটি পডকাস্ট চালাতেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ছিল সেটি। ট্রাম্পের পক্ষ নিয়ে প্রায়শই নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করতে শোনা যেত ড্যানকে। এমনকি, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে যে কারচুপি করে হারানো হয়েছিল, পডকাস্টে সেই দাবিও করেছিলেন ড্যান।
পডকাস্টে এই দাবির জন্য পুরস্কারও পেয়েছিলেন ড্যান। ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ড্যান চলতি বছরের মার্চ মাসে এফবিআইয়ে যোগ দেন। তবে নিয়ম হল দীর্ঘদিন ধরে এফবিআইয়ে কাজ করলে তবেই এই পদে নিযুক্ত হতে পারেন কেউ। তাই ড্যানের এই নিয়োগ নিয়ে সে সময় বিস্তর সমালোচনা হয়েছিল। ওই যে আগেই বলা ট্রাম্পের পাশে থাকার পুরস্কার পেয়েছিলেন ড্যান। আবার এটাও ঘটনা, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে ড্যানের বনিবনা না হওয়া নিয়ে বিস্তর জল্পনা শোনা গিয়েছে। এর মধ্যেই ড্যান জানালেন জানুয়ারিতেই তিনি ইস্তফা দিতে চলেছেন।
