আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি এলন মাস্ক। তাঁর নামের পাশে এবার জুড়তে চলেছে আরও এক নতুন ইতিহাস। খুব শীঘ্রই তিনি হতে পারেন পৃথিবীর প্রথম ‘ট্রিলিয়নিয়ার’। অর্থাৎ, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছোঁবে ১ লক্ষ কোটি ডলারে। এর আগে বিশ্বের কোনও মানুষ এত টাকার মালিক হতে পারেননি।

ভারতীয় মুদ্রায় এই সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। প্রায় ৯৪ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা! মাস্কের এই আয়ের একটা বড় অংশ আসে তাঁর গাড়ি প্রস্তুতকারী সংস্থা ‘টেসলা’ থেকে। সেখানে তাঁর শেয়ারের দামই প্রায় ২৭,৩০০ কোটি ডলার। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেস-এক্স’ যদি শেয়ার বাজারে আসে (আইপিও), তবে তাঁর সম্পত্তিতে আরও ৮৪,১০০ কোটি ডলার যোগ হতে পারে।

অবশ্য এই বিপুল টাকা ব্যাঙ্কে ক্যাশ হিসেবে জমা নেই। মাস্কের এই সম্পত্তি আসলে বিভিন্ন সংস্থায় তাঁর অংশীদারি বা শেয়ারের দাম, যা বাজারের ওঠানামার ওপর নির্ভর করে। তবে এই টাকার অঙ্কটা যে কত বড়, তা বোঝা যায় বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির সঙ্গে তুলনা করলে। ট্রিলিয়ন ডলারের এই সম্পত্তি পৃথিবীর বেশিরভাগ দেশের মোট অর্থনীতির চেয়েও অনেক বড়।

আমেরিকার ফেডারেল রিজার্ভের ২০২৪ সালের হিসাব বলছে, বিশ্ব অর্থনীতির কেন্দ্র তথা খোদ ওয়াল স্ট্রিটের শহর ম্যানহাটনের বার্ষিক অর্থনৈতিক উৎপাদন ছিল ১ লক্ষ কোটি ডলারের কাছাকাছি। মাস্কের সম্পত্তি একাই সেই অঙ্কের সমান। তাইওয়ান (৯৭,৭০০ কোটি ডলার), আয়ারল্যান্ড (৭৭,৯০০ কোটি ডলার), সুইডেন (৭৬,০০০ কোটি ডলার) বা সিঙ্গাপুরের (৬৬,০০০ কোটি ডলার) মতো প্রথম সারির দেশগুলির মোট অর্থনীতিও মাস্কের সম্ভাব্য সম্পত্তির চেয়ে পিছিয়ে।

এখানেই শেষ নয়। সবচেয়ে বড় চমক লুকিয়ে প্রযুক্তি দুনিয়ার বাকি ধনকুবেরদের সঙ্গে তাঁর তুলনায়। অ্যামাজনের জেফ বেজোস, ওরাকলের ল্যারি এলিসন এবং গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন- এই চার মহারথীর মোট সম্পত্তি এক করলে দাঁড়ায় ১.০৯ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ, বিশ্বের চার দিকপালের যৌথ সম্পত্তি মাস্কের একার সম্পত্তির প্রায় সমান।

আমেরিকার অন্যতম বড় শহর হিউস্টনের সমস্ত বাড়িঘর ও বাণিজ্যিক সম্পত্তির মোট দাম প্রায় ৮৭,৯০০ কোটি ডলার। মাস্কের সম্পদ তার চেয়েও অনেক বেশি। 

এমনকী খেলার দুনিয়ার সব বড় বড় টিমকে এক করলেও মাস্কের সম্পত্তির কাছে তা নস্যি। ‘ফোর্বস’-এর মতে, বিশ্বের সেরা ৫০টি দামি ক্রীড়া দলের মোট মূল্য ৩৫,৩০০ কোটি ডলার, যা ১ ট্রিলিয়নের তিন ভাগের এক ভাগও নয়। এক কথায়, এই টাকা দিয়ে ইলন মাস্ক চাইলে পৃথিবীর প্রায় সবকটি বড় স্পোর্টস টিম একাই কিনে নিতে পারেন।