আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ের একটি গাড়ি শোরুমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। ওই ঘটনায় মর্মান্তিক মৃত্যু কেরালার এক যুবকের। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, চলতি সপ্তাহেই ঘটে গিয়েছে এই দুর্ঘটনা। ঘটনায় আহত মোট সাতজন। যাঁদের মধ্যে একজন ভারতীয়ও ছিলেন। প্রথমে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, নিহত শিজিন পল কেরালার কোলম জেলার কোট্টারাক্কারার বাসিন্দা। বয়স ২৭ বছর। তিনি দুবাইয়ের শেখ জায়েদ রোডের একটি গাড়ি শোরুমে মাল্টিমিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে কাজ করতেন। আর কিছুদিনেই স্ত্রী ও সন্তানকে দুবাইয়ে নিয়ে আসার স্বপ্নও ছিল তাঁর, যা হাতছাড়া হয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহকর্মী আবিদ জানান, শোরুমে আগুন লাগার খবর পেয়ে কর্মীরা তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসেন। আগুন নেভানোর চেষ্টা চললেও হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারে তীব্র বিস্ফোরণে হয়। বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে ওঠে। হুলুস্থুলু পরিস্থিতির মধ্যে শিজিনও যে বিস্ফোরণের কবলে পড়েছেন, তা প্রথমে কেউ বুঝতে পারেননি। সহকর্মীরা জানিয়েছেন, শিজিন একজন অত্যন্ত পরিশ্রমী ও নির্ভরযোগ্য কর্মী ছিল।
শিজিনের প্রাক্তন রুমমেট নাসির জানান, গত বছর নভেম্বর মাসেই এই সংস্থায় যোগ দিয়েছিলেন শিজিন। সম্প্রতি প্রথমবার কেরালায় বাড়ি ঘুরে আসার পর থেকেই স্ত্রী ও সন্তানকে দুবাইয়ে নিজের কাছে নিয়ে আসার পরিকল্পনা করছিলেন তিনি।
দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছ। মৃতদেহ দ্রুত কেরালায় পরিবারের কাছে ফিরিয়ে আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। এদিকে এই দুর্ঘটনা উপসাগরীয় অঞ্চলে প্রবাসী ভারতীয় কর্মীদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। দেশের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিদেশে কর্মক্ষেত্রের দুর্ঘটনায় ৮০০ জনের বেশি ভারতীয় মারা গিয়েছেন। যাঁদের প্রায় ৫৫ শতাংশ উপসাগরীয় দেশগুলিতেই কাজ করছেন। এই ঘটনায় উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা মান নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
















