আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর। খুব শীঘ্রই মার্কিন ডলারের নোটে দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর, যা কার্যত নজিরবিহীন পদক্ষেপ।

বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রক জানায়, নতুন করে ছাপা সমস্ত মার্কিন ডলারের নোটে প্রেসিডেন্টের স্বাক্ষর যোগ করা হবে। আমেরিকার ইতিহাসে কোনও বর্তমান রাষ্ট্রপতির স্বাক্ষর সরাসরি নোটে যুক্ত হওয়ার ঘটনা এই প্রথম।

এই সিদ্ধান্তের ফলে ভেঙে যাচ্ছে ১৬৫ বছরের পুরনো একটি প্রথাও। ১৮৬১ সাল থেকে চালু থাকা বর্তমান ব্যবস্থায় এতদিন মার্কিন কোষাধক্ষ্যের স্বাক্ষর নোটে থাকত। এত বছর পর সেই স্বাক্ষর বাদ দেওয়া হচ্ছে।

অর্থদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী জুন মাসে প্রথম ১০০ ডলারের নোট ছাপা হবে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, অর্থ দপ্তরের সচিব স্কট বেসেন্টেরও স্বাক্ষর থাকবে। এরপর ধাপে ধাপে অন্যান্য মূল্যের নোটও বাজারে আনা হবে।

এই উদ্যোগকে দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রতীক বলে ব্যাখ্যা করেছেন বেসেন্ট। তাঁর কথায়, আমেরিকার ঐতিহাসিক সাফল্য এবং স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের জন্য প্রেসিডেন্টের নাম বহনকারী নোটই সবচেয়ে উপযুক্ত সম্মান। মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচও এই সিদ্ধান্তকে সমর্থন করে একে ‘যথার্থ’ এবং ‘প্রাপ্য’ বলে উল্লেখ করেছেন।

তবে বর্তমানে এখনও বাজারে প্রচলিত রয়েছে প্রাক্তন অর্থসচিব জ্যানেট ইয়েলেন এবং মার্কিন কোষাধক্ষ্য লিন মালারবার স্বাক্ষর যুক্ত নোট। এই নোট তৈরি করে থাকে ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং। ১৮৬১ সাল থেকে টানা দেড় শতাব্দীরও বেশি সময় ধরে মার্কিন মুদ্রায় কোষাধক্ষ্যের স্বাক্ষর ছিল একটি স্থায়ী বৈশিষ্ট্য। মালার্বার স্বাক্ষরের সঙ্গেই সেই ধারার অবসান ঘটতে চলেছে।

এর পাশাপাশি, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই একটি ফেডারেল আর্টস কমিশন তাঁর ছবি দেওয়া ২৪ ক্যারাট সোনার স্মারক মুদ্রার নকশায় অনুমোদন দিয়েছে, যা আগামী ৪ জুলাইয়ের উদযাপন উপলক্ষে প্রকাশ করা হবে।