আজকাল ওয়েবডেস্ক: ‘‌ভাল’‌ খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফার বৈঠক নিয়ে ‘‌সুসংবাদ’‌ শুনিয়েছেন ট্রাম্প। কবে সেই বৈঠক হতে পারে, তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, শুক্রবারই হতে পারে বৈঠক। যদিও ইরান তা অস্বীকার করেছে।‌ 


নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে বৈঠক নিয়ে তারা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি একটি মেসেজ পাঠান। তাতে লেখেন, ‘এটা সম্ভব! ডিজেটি (‌ডোনাল্ড জন ট্রাম্প)‌’।‌ যদিও ট্রাম্প জানাননি, যে তা শুক্রবারই হবে। সম্ভাবনার কথা জানিয়েছেন শুধু। তবে ইরানের তাসনিম নিউজ এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছে, ট্রাম্পের এই দাবি একেবারে মিথ্যে। তারা লিখেছে, ‘ট্রাম্প আবার মিথ্যা বলেছেন। শুক্রবার সমঝোতা বৈঠকে বসার সিদ্ধান্ত ইরান এখনও নেয়নি।’


এটা ঘটনা, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌসেনার অবরোধ অব্যাহত রাখা হবে বলে মঙ্গলবার গভীর রাতে জানিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণা, ‘পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা।’ মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসার কথা ছিল আমেরিকার এবং ইরানের। মঙ্গলবার সকালে আমেরিকার একটি সংবাদসংস্থাকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছে তাঁর প্রতিনিধিদল। কিন্তু দুপুরে আমেরিকারই অন্য একটি সংবাদমাধ্যম দাবি করে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তাঁর দলবলের পাকিস্তান সফর পিছিয়ে গিয়েছে।


রাতেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘যুদ্ধবিরতি নিয়ে ইরান সরকারের অন্দরে মতবিরোধ চলছে। সেটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনুরোধ করেছেন ইরানের উপর আক্রমণ স্থগিত রাখতে। যতক্ষণ না ইরানের নেতা এবং প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে পারেন, ততক্ষণ পর্যন্ত আক্রমণ স্থগিত রাখছি।’