আজকাল ওয়েবডেস্ক: বয়স ৫৫। পেশায় ডেলিভারি বয়। দিনরাত এক করে সেই কাজ করতেন চিনের ওই ব্যক্তি। দিনে অন্তত ১৮ ঘণ্টা কাজ করতেন। কোনও কোনও দিন কাজ শেষ হত রাত ৩টায়, শুরু হত আবার সকাল ৬ টায়। এরকমই কাজের ফাঁকে অল্প জিরিয়ে নিচ্ছিলেন বাইকে। সেখানেই মর্মান্তিক পরিণতি। মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

 

 

ঠিক কী ঘটেছে? চিনের সংবাদ মাধ্যম সূত্রে খবর, কাজের মাঝেই নিজের ইলেকট্রিক বাইকে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। ওই বাইকের উপরেই তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় তাঁর সহকর্মীরাই জানিয়েছেন, কখনও কখনও রাত ৩টা পর্যন্ত কাজ করতেন, ফের কাজ শুরু হত সকাল ৬টায়। মাঝের সময়টুকু আর বাড়িতে নয়, বিশ্রাম নিতেন বাইকেই। যাতে তৎক্ষণাৎ কাজ শুরু করতে পারেন।

নিজের ১৬ বছরের ছেলের পড়াশোনা চালাতেন ওই ব্যক্তি। দিন কয়েক আগেই কাজের সময় তাঁর পায়ে আঘাত লেগেছিল বলেও জানা গিয়েছে, সেই আঘাত সারিয়ে সদ্য কাজে ফিরেছিলেন তিনি। 

 

এই ঘটনায় সমাজমাধ্যমেও তীব্র আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ ডেলিভারি বয়দের কাজের চাপ নিয়ে সরব হয়েছেন। উল্লেখ্য, দিনকয়েক আগেই জানা গিয়েছিলো, ছুটি না নিয়ে টানা ১০৪ দিন কাজ করার পর প্রাণ হারান ৩০ বছর বয়সী এক কর্মী।