আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার থেকেই চিন থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করছে আমেরিকা। ঠিক সেই দিনই পাল্টা প্রত্যাঘাত করল বেজিং। মঙ্গলবার চিনা অর্থ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে আমদানিকৃত মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করা হল। চিনের তরফে বলা হয়েছে, কোনও পণ্যের উপর ১০ শতাংশ, আবার বেশ কিছু পণ্যের উপর ১৫ শতাংশ শুল্কবৃদ্ধি করা হবে। আগামী ১০ মার্চ থেকে নয়া শুল্কহার কার্যকর হবে।
আমেরিকা চিনা পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে ২০ শতাংশে ধার্য করেছে। মেক্সিকো এবং কানাডা থেকে আমদানিতে নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে শীর্ষ তিন মার্কিন বাণিজ্য অংশীদারের সঙ্গে ওয়াশিংটনের নতুন বাণিজ্য সংঘাত শুরু হয়েছে।
কোন কোন পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক আরোপ?
মুরগির মাংস, গম, ভুট্টা এবং সুতির উপরে ১৫ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক চাপছে আমেরিকার পণ্যে। এছাড়াও চিন ২৫টি মার্কিন কোম্পানির রফতানি ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করতে চলেছে।
কোন কোন পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ?
মার্কিন সয়াবিন, জোয়ার, শুয়োরের মাংস, গরুর মাংস, জলজ পণ্য, ফল ও সবজি এবং দুগ্ধজাত মার্কিন পণ্য আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা করেছে চিন।
এর আগে কানাডা জানিয়েছিল যে, ১০ মার্চ থেকে নয়া শুল্কনীতি শুরু করবে। সেই পথই অনুসরণ করল বেজিং। আমেরিকার পাল্টা হিসাবে কানাডা সরকার আনুমানিক ১৫৫ বিলিয়ন কানাডার ডলারের আমদানি শুল্ক বসিয়েছে এ দিন থেকেই। দেশের বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারই জানিয়ে দেন, ট্রাম্প প্রশাসন যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে কানাডাও মার্কিন পণ্যে ২৫ শতাংশ হারে অতিরিক্ত শুল্ক নেবে।
