আজকাল ওয়েবডেস্ক: ওহাইওর ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালে হামলা। জমায়েতের মাঝেই চলল গুলি। ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ১২ জন আহত। যদিও কে এই ঘটনা ঘটিয়েছে, নাকি রয়েছে পিছনে বড় চক্র, তা এখনও নিশ্চিত নয়। সন্দেহভাজন পলাতক বলেই জানা গিয়েছে প্রাথমিকভাবে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য, বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে টলেডো পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। টলেডো পুলিশ বিভাগ জানিয়েছে, বিকেল সাড়ে ৫টার দিকে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গুলি চলার খবর পৌঁছয়। খবর পেয়েই তারা সেখানে পঊঁছলে জানতে পারে, এক নয়, একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ। 

পুলিশ জানিয়েছে যে, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি(দের) সম্পর্কে বিস্তারিত তথ্য বা আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

কর্তৃপক্ষ সন্দেহভাজনদের খোঁজে এলাকাটিতে তল্লাশি শুরু করেছে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তদন্তে গতি আনতে, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হবে। একটি সূত্রের তথ্য, হুল্লোড়ের মাঝেই, দু'জনের মধ্যে বিবাদ, গোলাগুলি শুরু হয়। 

টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জোসেফ হেফারনান সাংবাদিকদের বলেন, "বারো জন গুলিবিদ্ধ হয়েছেন... তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।" পুলিশ লেফটেন্যান্ট ড্যান গারকেন জানিয়েছেন, আহতদের বেশিরভাগের বয়স ২০'র কোঠায়। গারকেন বলেন, তিনি কর্মজীবনে একাধিক গোলাগুলির জায়গায় গিয়েছেন, কিন্তু একই জায়গায়, একসঙ্গে ১২জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, ভয়াবহ! প্রত্যক্ষদর্শী কেভিন বেরি স্থানীয় সংবাদ মাধ্যমে জানান, তিনি বন্ধুদের সঙ্গে বসে লাইভ মিউজিক শুনছিলেন, এমন সময় গুলির শব্দ শুনতে পান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে তথ্য, বেরি জানিয়েছেন, তিনি চোখের সামনে অন্তত পাঁজ জনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখেছেন।