আজকাল ওয়েবডেস্ক: বেতন নিয়ে অসন্তোষ তো অনেকেরই থাকে, কিন্তু প্রতিবাদের ভাষা এমনও হতে পারে? মধ্য চিনে কর্মক্ষেত্রে এক মহিলার অভিনব এবং বিতর্কিত প্রতিবাদ ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। কম বেতনের ‘বদলা’ নিতে অফিস চলাকালীন টানা পাঁচ ঘণ্টা ডেস্কে ঘুমিয়ে কাটালেন এক কর্মী। শুধু তাই নয়, ঘুম থেকে উঠে বসের টেবিল থেকে তাঁর ওষুধ মুখে দিয়ে ফেলায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে, বসের প্রাণ সংশয় হওয়ার জোগাড়!
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে চিনের শাংকুই এলাকায়। ওই মহিলা কর্মীর অভিযোগ ছিল, তিনি কোম্পানিতে যে পরিমাণ পরিশ্রম করেন, সেই অনুযায়ী বেতন পান না। নিজের কাজের সঠিক মূল্যায়ন হচ্ছে না দেখে তিনি ঠিক করেন নিজের কর্মক্ষমতা কমিয়ে দেবেন। আর সেই পরিকল্পনা থেকেই অফিসের কাজের সময় টানা পাঁচ ঘণ্টা ঘুমিয়ে কাটান তিনি। বসের প্রশ্নের মুখে তাঁর সাফ জবাব ছিল, "যতটুকু টাকা দেবেন, ততটুকুই কাজ পাবেন।"
ঘটনাটি চরম আকার নেয় যখন তাঁর বস তাঁকে ঘুমন্ত অবস্থায় ধরে ফেলেন। বসের কড়া ধমক এবং চাকরি থেকে বরখাস্ত করার হুমকির মুখে ওই মহিলা সমাজমাধ্যমে একটি কান্নায় ভেজা ভিডিও পোস্ট করেন। সেখানে নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, তাঁকে অন্যায্যভাবে ঠকানো হচ্ছে এবং তাঁর এই 'ঘুম-প্রতিবাদ' আসলে অপর্যাপ্ত বেতনের বিরুদ্ধে একটি বার্তা। তিনি এও স্পষ্ট করেন যে, কাজ ছাড়ার কোনও ইচ্ছা তাঁর নেই, তিনি শুধু কর্তৃপক্ষকে নিজের অভাবটা বোঝাতে চেয়েছিলেন।
তবে বিতর্কের আসল মোড় ঘোরে অন্য জায়গায়। দীর্ঘ ঘুমের পর জেগে উঠে ক্ষুধার্ত ওই মহিলা বসের টেবিল থেকে একটি চকলেট খেয়ে ফেলেন। দুর্ভাগ্যবশত, তাঁর বসের গ্লুকোজ ইনটলারেন্স বা রক্তে শর্করার সমস্যা ছিল। শরীর খারাপ লাগায় ওই সময়েই বসের চকলেটের প্রয়োজন পড়েছিল, কিন্তু সেটি খুঁজে না পেয়ে তিনি প্রায় জ্ঞান হারাবার মতো অবস্থায় পৌঁছান। রেগে গিয়ে বস অভিযোগ করেন, ওই মহিলা তাকে 'খুন' করতে চেয়েছিলেন।
ভিডিওতে মহিলা বলছেন, "আমার বস রেগে গিয়ে বললেন আমি নাকি তাকে মেরে ফেলতে চাইছি। যারা আমাকে সমালোচনা করছেন, তারা জানেন না কম বেতনে আমাদের মতো মানুষদের কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়।"
এই ঘটনা ভাইরাল হতেই চিনা সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে গেছে। শ্রম আইন এবং বেতন নিয়ে অসন্তোষের বিষয়টিকে অনেকেই সমর্থন করলেও, কাজের সময় ঘুমিয়ে থাকা এবং অন্যের খাবার (বিশেষ করে ওষুধ হিসেবে ব্যবহৃত) চুরি করাকে পেশাদারিত্বের চরম অভাব হিসেবেই দেখছেন নেটিজেনরা। এক নেটিজেন ঠাট্টা করে লিখেছেন, "পরের বার ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে রাখবেন, নাহলে তো অফিস ছুটির সময়টাও মিস করবেন!" অন্য একজন মন্তব্য করেছেন, "ভাবিনি কোনওদিন কোনও বসের পক্ষ নিয়ে কথা বলব, কিন্তু এই মহিলা যা করেছেন তা অকল্পনীয়।" সব মিলিয়ে, বেতন আর কাজের চাপের লড়াই ছাপিয়ে এক চকলেটের কাণ্ড এখন চিনের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বের নেটপাড়ায় চর্চার বিষয়।
















