আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের রায়পুর জেলায় সোমবার এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকল স্থানীয়রা। নিজের জমি দখলমুক্ত করার দাবিতে এক ব্যক্তি হাই-টেনশন বিদ্যুৎ টাওয়ারে উঠে প্রতিবাদ জানাতে শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। 

রায়পুর জেলার সিলাতারা আউটপোস্ট এলাকার ঘটনা। ব্যক্তির নাম কিষাণ লাল নিশাদ। তিনি সোঁদরা গ্রামের বাসিন্দা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তথ্য সূত্র অনুসারে, গত প্রায় ১২ বছর ধরে নিজের জমি একটি ইস্পাত প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে তিনি দখলমুক্ত করার চেষ্টা করে আসছেন। তাঁর অভিযোগ, সংস্থাটি বেআইনিভাবে তাঁর জমি দখল করে রেখেছে। সংস্থাটির কোনও নাম বা অতিরিক্ত কোনও তথ্য জানা যায়নি। 

বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনও কার্যকর পদক্ষেপ না হওয়ায় চরম হতাশায় এই পথ বেছে নেন নিশাদ। সোমবার হটাৎই তিনি এক হাই-ভোল্টেজ বিদ্যুৎ টাওয়ারে উঠে বসেন। সেখান থেকেই তিনি দাবি করেন, তাঁর নিজের জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তিনি নীচে নামবেন না। যুবক প্রতিবাদ করতে টাওয়ারের মাথায় কেন উঠেছেন সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। 

এমন এক চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থনে দেরি না করে পৌঁছে যান স্থানীয় তহসিলদার, স্থানীয় এসডিএম। পৌঁছান স্থানীয় পুলিশ আধিকারিকেরাও। প্রত্যকেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে, যেকোনও রকমের দুর্ঘটনা এড়াতে, এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করায় স্থানীয় কিছু মানুষ বিরূপ মনভাব দেখালেও, যুবকের প্রতিবাদ দেখে বেশিরভাগ এলাকাবাসী এই সাময়িক বিদ্যুৎ বিঘ্নে স্বস্তি বোধ করেছেন। প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থন করেছেন তারা। 

প্রশাসনের তরফে নিশাদকে বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে যাতে তিনি নিরাপদে নীচে নেমে আসেন। তবে, সূত্রের দাবি তিনি প্রশাসনের কারোর কোনও কথাই শোনেননি। বরং নিজের দাবিই তিনি টাওয়ারের মাথায় দাঁড়িয়ে থেকে বলে চলেছেন। 

এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ছড়িয়েছে তুমুল উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের একাংশ নিশাদের এই দাবির প্রতি সহানুভূতি জানালেও, অনেকেই তার জীবনের ঝুঁকি নিয়ে এমন ধরণের প্রতিবাদ করার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের কথায়, এভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বোকামো করার কোনও অর্থ হয় না। 

প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং নিশাদের দাবির নিষ্পত্তি কীভাবে হয়, এখন সেদিকেই নজর সবার।