ঝাড়খণ্ডের গিরিডি অঞ্চলের এক নৃশংস ঘটনার খবর সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা শুনে শিউরে উঠছেন স্থানীয় মানুষ। পরিবারের অন্দরে চলা অশান্তি ও সম্পর্কের টানাপোড়েনের জেরে এক গৃহবধূ নিজের শাশুড়িকে খুনের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত গৃহবধূর নাম প্রীতি কুমারী। বয়স প্রায় ২৪ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার স্বামী কাজের সূত্রে হায়দ্রাবাদে থাকতেন এবং নিয়মিত বাড়িতে টাকা পাঠাতেন। স্বামীর অনুপস্থিতিতেই প্রীতির সঙ্গে তার শ্বশুর দৌলত সাউয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। ৬০ বছরের শ্বশুরের সঙ্গে ২৪-এর বউমার সম্পর্ক একেবারেই মেনে নিতে পারেননি শাশুড়ি। আর এর প্রতিবাদ করতে গিয়ে চরম পরিণতি হয় তাঁর।
বাড়িতে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে শাশুড়ি কুলসী দেবী একাধিকবার তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। কখনও ভালভাবে বুঝিয়েছিলেন, কখনও আবার অশান্তি করেছিলেন। বিষয়টিকে কেন্দ্র করে পরিবারে অশান্তি এক সময় চরমে পৌঁছায়।
অভিযোগ, এই অশান্তি মেটাতে এবং পথের কাঁটা সরাতে প্রীতি ও তার শ্বশুর মিলে কুলসী দেবীকে খুনের ছক কষে। নৃশংসভাবে টাইলস কাটার মেশিন ব্যবহার করে শাশুড়িকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নেটপাড়াতেও এই পাশবিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা চলছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্তের আওতায় রয়েছে ঘটনাটি।















