আজকাল ওয়েবডেস্ক: প্রায় প্রতিবছর শীতে ভয়াবহ পরিস্থিতি হয় দেশের রাজধানীতে। শীতে দিল্লির দূষণ মারাত্মক আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে হয়। এবার শীতের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপ সরকার ২১ দফা নির্দেশিকার কথা বলেছে সেপ্টেম্বরেই। তার মধ্যে অন্যতম উপায় হিসেবে ওয়ার্ক ফ্রম হোম আর কৃত্রিম বৃষ্টির কথা বলা হয়েছে। 

তবে এই শীতে আশঙ্কা দিল্লি নয়, দিল্লির থেকে বেশি আশঙ্কা জাগাচ্ছে অন্য শহর। সমীক্ষা বলছে তেমনটাই। সাম্প্রতিক সমীক্ষার তথ্য এবং পরিবেশ বিশেষজ্ঞদের মতামত বলছে,  অদূর ভবিষ্যতে নয়ডা দিল্লির থেকেও বেশি দূষিত হবে।

কারণ, দিল্লির দূষিত বাতাসে উপস্থিত সব উপকরণই দিনে দিনে বাড়ছে নয়ডা এবং গ্রেটার নয়ডার বাতাসে। শুধু তাই নয়, শীতের আগে যখন ধীরে ধীরে দিল্লির বাতাসের গুণগত মান খারাপ হতে শুরু করেছে, ততদিনে সেক্টর ১২৫ সহ নয়ডার বেশকিছু এলাকার বাতাসের গুণগত মান রীতিমত ভয় ধরানোর মতো। নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদে দিল্লির থেকে বেশি কারখানা থাকায়, দূষণের মাত্রা বারার আশঙ্কা।

অন্যদিকে আপ সরকার অতি দূষণ এলাকায় ড্রোন ব্যবহার করবে। সরকার ধুলো বিরোধী অভিযান চালাবে। নিষেধাজ্ঞা জারি করা হবে আতশবাজির উপর। আপ পরিবেশমন্ত্রী আরও বলেন, দূষণের মাত্রা অতিরিক্ত হলে, জরুরি পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের কথা। তাঁর মতে, অফিসগুলি ওয়ার্ক ফ্রম হোম দিলে, ব্যাক্তিগত গাড়ি ব্যবহার কম হবে। একই সঙ্গে কৃত্রিম বৃষ্টি ব্যবহারে জোর দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সরকারের সিদ্ধান্তে যদিও খুশি একাংশ।