আজকাল ওয়েবডেস্ক: বিমানের জ্বালানি বা অ্যারোপ্লেন জেট ফুয়েলে কেন্দ্র সরকারের ইথানল মেশানোর পরিকল্পনার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে উড়িয়ে দিল বেসামরিক বিমান চলাচল মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু সোশ্যাল মিডিয়ায় বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন যে, অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে (ATF) ইথানল ব্লেন্ডিং বা মেশানোর কোনও  প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই। যাত্রীদের নিরাপত্তাই কেন্দ্র সরকারের কাছে সবচেয়ে অগ্রাধিকারের বিষয়।

সম্প্রতি আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল একটি পুরোনো প্রতিবেদন শেয়ার করে অ্যারোপ্লেনের ইন্ধনে ইথানল মেশানোর আশঙ্কা প্রকাশ করেন এবং যাত্রীদের বিমান সফর ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এর পরই বিষয়টি নিয়ে ভুল ধারণা ভাঙাতে আসরে নামে মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী জানান, গাড়ির পেট্রোলে ইথানল মেশানো আর বিমানের জন্য ব্যবহৃত 'সাস্টেইনেবল অ্যাভিয়েশন ফুয়েল' (SAF) সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। এসএএফ (SAF) হলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) স্বীকৃত এবং বিশ্বজুড়ে ব্যবহৃত একটি সার্টিফাইড জ্বালানি, যা আন্তর্জাতিক সুরক্ষাবিধি মেনেই প্রস্তুত করা হয়।

কেন্দ্রীয় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, এয়ারক্রাফটের নিরাপত্তা নিয়ে এই ধরণের বিভ্রান্তিকর তথ্য বিমানযাত্রীদের মনে অহেতুক আতঙ্ক তৈরি করছে। বিশ্বমানের সুরক্ষাবিধি মেনেই ভারতীয় বিমান পরিষেবা পরিচালিত হয় এবং জেট ফুয়েলে ইথানল মেশানোর মতো কোনো প্রস্তাব সরকারের নেই বলে তিনি সাফ জানিয়ে দেন।