আজকাল ওয়েবডেস্ক: নিট-ইউজি পরীক্ষা নিয়ে অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড়। এর মধ্যেই বড় পদক্ষেপ করল কেন্দ্র। পদ খোয়াতে হল উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে। তাঁর জায়গায় নতুন সচিব করা হয়েছে নরেশ পাল গঙ্গওয়ারকে।
বৃহস্পতিবার রাতে বিনীত জোশীকে শিক্ষা মন্ত্রক থেকে সরিয়ে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব করে দেওয়া হয়েছে। সূত্রে খবর, নিট কেলেঙ্কারি নিয়ে দেশজুড়ে পড়ুয়াদের ক্ষোভ ও বিক্ষোভের মুখে পড়েই সরকারের এই সিদ্ধান্ত।
১৯৯২ ব্যাচের আইএএস বিনীত জোশীকে এতদিন দেশের শিক্ষাপ্রশাসনের অন্যতম প্রধান ব্যক্তি বলে মনে করা হতো। তিনি সিবিএসই-র চেয়ারম্যান, ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র প্রথম ডিরেক্টর জেনারেল এবং ইউজিসি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কাজ করেছেন। এমনকী সম্প্রতি তাঁকে স্কুলশিক্ষা সচিবের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছিল।
এনটিএ প্রধান থাকার সময় বিশ্ববিদ্যালয়গুলির ভর্তির জন্য 'সিইউইটি' চালু করেন বিনীত। কিন্তু তাঁর সময়ে একাধিক বড় পরীক্ষায় কারিগরি গোলযোগ হওয়ায় সংস্থাকে চরম সমালোচনা সহ্য করতে হয়। শিক্ষা মন্ত্রকে আসার আগে ২০২৩ সালে মণিপুরের মুখ্যসচিবের দায়িত্বেও ছিলেন তিনি।
বিনীতের জায়গায় আসা নরেশ পাল গঙ্গওয়ার ১৯৯৪ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস। এর আগে তিনি পশুপালন মন্ত্রকের সচিব এবং পরিবেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। যদিও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাতীয় উদ্যানপালন বোর্ডের একটি প্রকল্প থেকে তাঁর পরিবারের তিন সদস্য ১.১৬ কোটি টাকারও বেশি সরকারি অনুদান পেয়েছিলেন, যা নিয়ে বিতর্ক রয়েছে। অন্যদিকে, টি কে অনিল কুমারকে নতুন স্কুলশিক্ষা সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষাক্ষেত্রে একের পর এক জটিলতায় শিক্ষা মন্ত্রক এখন ব্যাকফুটে। গত মাসেই সিবিএসই-র দ্বাদশ শ্রেণির খাতা দেখার ডিজিটাল পদ্ধতিতে ভুলত্রুটি ও গোলযোগের কারণে তৎকালীন সিবিএসই চেয়ারম্যান রাহুল সিং ও সচিব হিমাংশু গুপ্তকে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় লোকান্ডে প্রশান্ত সীতারাম এবং বরুণ ভরদ্বাজকে। একই সঙ্গে মন্ত্রকের জনসংযোগ প্রধান আঁচল কাটিয়ারকেও বদলি করে আনা হয়েছে রশ্মি রোজা তুষারা নায়ারকে।
নিট-ইউজি বিতর্ক নিয়ে আন্দোলন এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের ওপর পুলিশের চাপ সৃষ্টি এবং কারচুপির প্রতিবাদে সরব হয়েছেন পড়ুয়ারা। প্রধান বিরোধী দলগুলি সংসদে আলোচনার পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে।
তবে শিক্ষা মন্ত্রকে এই ধরনের পরিস্থিতি নতুন নয়। ২০২৪ সালেও নিট ও ইউজিসি-নেট পরীক্ষা নিয়ে একই রকম বিতর্ক তৈরির পর তৎকালীন এনটিএ প্রধান সুবোধ কুমার সিংকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে তাঁকে নিজের রাজ্য ছত্তিসগড়ের ক্যাডারে ফেরত পাঠানো হয়।
















