আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে উত্তাল নয়ডা। দাবি বেতন বৃদ্ধি। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকশো শ্রমিকের বিক্ষোভ শুরু হয়৷ রীতিমত রণক্ষেত্রের চেহারা নিল নয়ডার 'ফেজ-টু' এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেন। ভাঙচুর করা হয় পুলিশের ভ্যানও।
জানা গিয়েছে, নয়ডার এই অশান্তির নেপথ্যে আসলে প্রতিবেশী রাজ্য হরিয়ানার এক সিদ্ধান্ত। সম্প্রতি হরিয়ানা সরকার শ্রমিকদের ন্যূনতম বেতন একলাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এর ফলে হরিয়ানার একজন অদক্ষ শ্রমিক এখন মাসে অন্তত ১৫,২২০ টাকা বেতন পাবেন। নয়ডার শ্রমিকদের দাবি, তাঁদেরও একই হারে বেতন বাড়াতে হবে।
বিক্ষোভকারী শ্রমিকদের মূল অভিযোগগুলো হল-
বর্তমানে তাঁরা মাসে ১৩ থেকে ১৫ হাজার টাকা পান, যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো অসম্ভব। তাঁদের দাবি, মাসিক বেতন অন্তত ২০,০০০ টাকাকরতে হবে।
শ্রমিকদের অভিযোগ, তাঁদের দিয়ে দিনে ১২ ঘণ্টা কাজ করানো হয়। তাঁরা ৮ ঘণ্টার শিফট চালুর দাবি জানিয়েছেন।
মহিলা শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট জানিয়েছেন, শ্রমিকদের সম্মানজনক বেতন এবং সঠিক কাজের পরিবেশ দেওয়া কারখানা মালিকদের দায়িত্ব। পাশাপাশি প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, এই অশান্তির পিছনে কোনও গভীর ষড়যন্ত্র বা উস্কানি থাকতে পারে।
আপাতত নয়ডার ওই এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন ও শ্রম দপ্তর এখন শ্রমিক এবং শিল্পপতিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে।















