আজকাল ওয়েবডেস্ক: কুয়ালালামপুর থেকে কোচিগামী উড়ে যাচ্ছিল বিমান। হঠাৎই মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা করে একজন। সেই অভিযোগে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর নাম জামশির আথানিকাল। বুধবার কুয়ালালামপুর থেকে কোচিগামী বাটিক এয়ারের OD231 নম্বর ফ্লাইটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ন'টা থেকে এগারোটার মধ্যে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বিমানটি তখন আকাশে উড়ছিল, সেই সময়েই আচমকা ওই যাত্রী বিমানের জরুরি দরজা জোর করে চেষ্টা চালান। শুধু তাই নয়, তিনি দরজার জানালার প্যানেলও ক্ষতিগ্রস্ত করেন। এমনকি, তাঁর সহযাত্রী ও কেবিন ক্রুদের জীবননাশের হুমকিও দেন। এর ফলে বিমানে থাকা সমস্ত যাত্রীর নিরাপত্তাই চরম বিপদের সম্মুখীন হয়।
পরিস্থিতি সামাল দিতে বেশ সাহসিকতার পরিচয় দেন কেবিন ক্রুরা। এ জন্য তাঁরা দ্রুত হস্তক্ষেপ করেন। ওই যাত্রীকে আটকে ফেলেন এবং নিয়ন্ত্রণে আনেন। বিমানটি কোচিতে অবতরণের পরই বাটিক এয়ারের সিকিউরিটি ইন-চার্জের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে।
কোচি পৌঁছনোর পর পুলিশের তরফ থেকে জানানো হয়, অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র অপরাধমূলক হুমকির ৩৫১-৩ ধারা, বিমান আইনের নিরাপত্তা বিধি লঙ্ঘনের ধারা ১১ এ এবং কেরালা পুলিশ আইনের জননিরাপত্তা বিপন্ন করার ধারা ১১৮ই অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার আরও বিশদ তদন্ত করতে শুরু করেছে পুলিশ।

















