ভয়াবহ বন্যায় জলের তলায় অসম। একের পর এক হৃদয়বিদারক ছবি, ঘটনা প্রকাশ্যে আসছে। তবে এই ঘটনা যেন তার মধ্যে ব্যতিক্রমী। জিনার সন্তান প্রসবের ঘটনা বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। এই মানবিক কাহিনিতে মুগ্ধ সকলে। 

কী ঘটেছে? অসমের বন্যায় সব কিছু যখন জলের তলায়। হাসপাতালে যাওয়ার রাস্তা নিশ্চিহ্ন, তখনই লেবার পেন ওঠে জিনার। বলাই বাহুল্য, হাসপাতালে পৌঁছানো দায় তখন। সেই সময় ত্রাতা হয়ে আসেন উদ্ধারকারী দলের সদস্যরা। একই সঙ্গে আসেন স্বাস্থ্যকর্মীরা। সময় আগে ছুটবে নাকি তাঁরা, সেই লড়াই চলছিল। শেষ পর্যন্ত জয় হল সকলের চেষ্টার। 

না, হাসপাতালে নয়, এই বন্যার মধ্যে রাস্তাতেই সন্তান প্রসব করেন জিনা। উদ্ধারকারী দল এবং স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় একটি কন্যা সন্তানের জন্ম দেন জিনা। 

এরপর অসাধ্য সাধন করে উদ্ধারকারী দল। ক্লান্ত মা এবং তার সদ্যোজাত সন্তানকে নিয়ে এই বন্যার মধ্যেই হাসপাতালে পৌঁছান তাঁরা। চিকিৎসা শুরু হয়। বর্তমানে মা এবং সন্তান দুজনেই ভাল আছেন। ক্রমে সুস্থ হয়ে উঠছেন। 

 

জিনার সন্তান প্রসবের গল্প যেন মানবিকতার এক জ্বলন্ত নজির হয়ে থাকল। দারুণ ভাইরাল হয়েছে এই ঘটনা। অসমের শিবসাগর গ্রামের ঘটনা এটি। গত ২২ জুলাই মেয়ের জন্ম দিয়েছেন জিনা। ডিকসু আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার লিজা মণি দাস অ্যাম্বুলেন্সের মধ্যে ডেলিভারি করান জিনার।

প্রসঙ্গত, অসমের বন্যায় ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ৮ লাখের বেশি মানুষ প্রভাবিত হয়েছেন। বহু মানুষ নিখোঁজ। বহু গবাদি পশু বন্যার জলে ভেসে গিয়েছে। অসম থেকে একের পর এক ভয়ঙ্কর ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ছে। সেগুলোর মাঝে জিনার এই গল্প যেন একদম আলাদা। সমাজমাধ্যমে নেটিজেনরা উদ্ধারকারী দল এবং স্বাস্থ্যকর্মীদের সাধুবাদ দিচ্ছেন। অন্যদিকে জিনা এবং তাঁর সন্তানের জন্য প্রার্থনা করছেন।