আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামিকাল ভারতে পৌঁছবে তেলের জাহাজ 'জগ বিক্রম'। গত সপ্তাহান্তে হরমুজ প্রণালী পেরিয়েছিল এটি। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে দেশজুড়ে যখন এলপিজি সঙ্কটের আশঙ্কা, সেই আবহেই ভারতে আসছে 'জগ বিক্রম'।
প্রসঙ্গত, গত শনিবার ভারতের তেলের জাহাজ 'জগ বিক্রম' নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। এই জাহাজেই ২০,৪০০ টন এলপিজি পণ্য এবং ২৪ জন নাবিক রয়েছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক আগে জানিয়েছিল, এটি ১৫ এপ্রিল মুম্বইয়ে পৌঁছবে।
সোমবার জানা গেছে, আগামিকাল, মঙ্গলবার ১৪ এপ্রিল গুজরাটের বন্দরে পৌঁছবে 'জগ বিক্রম'। প্রসঙ্গত, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রথম তেলের জাহাজ হল 'জগ বিক্রম'।
টানা ২১ ঘণ্টা বৈঠক। তারপরেও হল না সমঝোতা। যুদ্ধবিরতির মধ্যেই ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠক ভেস্তে গেছে। রবিবার সকালেই ইসলামাবাদ ছেড়ে ওয়াশিংটনে পাড়ি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাশাপাশি ইরানও জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবিতে স্পষ্ট 'না' জানিয়েছে তারা।
দীর্ঘ বৈঠকে কী কী নিয়ে জটিলতা?
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুই দেশের আলোচনার কেন্দ্রে ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইরান যেন পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা অর্জন না করে। এবং ভবিষ্যতেও যেন পরমাণু অস্ত্র তৈরি না করে। এ নিয়ে প্রতিশ্রুতিও যেন দেয়। কিন্তু ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে নিজেদের অধিকার হিসেবে তুলে ধরে এই বৈঠকে। এবং তা সীমিত করতে অনীহাও দেখায়। এই ইস্যুতেই আলোচনায় সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়।
আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই প্রণালীতে ইরান তার প্রভাব বজায় রাখতে চায়। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র চায়, আন্তর্জাতিক নৌ-চলাচল অবাধ থাকুক। ফলে সমঝোতা আরও কঠিন হয়ে পড়ে।
ব্যর্থ বৈঠকের পর কী ঘটতে চলেছে?
ওয়াকিবহাল মহলের দাবি, গতকাল ইসলামাবাদে বৈঠক ভেস্তে যাওয়ার পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে দু'টি পথ খোলা আছে। প্রথমত, দুই দেশের প্রতিনিধিদল সুর নরম করে আবারও বৈঠকে বসতে পারে। দুই দেশের তরফেই খানিকটা ছাড় দিতে হবে। এবার সমঝোতা করেই যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে। দ্বিতীয়ত, সমঝোতা না হলে, আবারও যুদ্ধ শুরু হতে পারে শীঘ্রই।
রবিবার ভোরবেলায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের জানালেন, 'খুবই খারাপ খবর। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেয়নি। শান্তি বৈঠক ব্যর্থ হয়েছে। আমরা কোনও চুক্তি না করেই ফিরে যাচ্ছি।'
ব্যর্থ বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য, 'খারাপ খবর হল, আমাদের মধ্যে কোনও চুক্তি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও ইরানের জন্য এটা আরও খারাপ খবর। কোনও চুক্তি না করেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা উল্লেখ করেছি, কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি, কোন বিষয়ে পারি না। কিন্তু ইরান আমাদের শর্তগুলো মেনে নেয়নি।'















