আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে পণ্য সরবরাহে চরম টানাপড়েন। এর মাঝেই স্বস্তির বার্তা। আমেরিকা থেকে এলপিজি বা রান্নার গ্যাস নিয়ে ভারতের ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছল বিশালাকার জাহাজ ‘পিক্সিস পায়োনিয়ার’। টেক্সাস থেকে আসা এই জাহাজটি সফলভাবে বন্দরে পৌঁছেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, আমেরিকার এই জাহাজ ‘অ্যাকোয়া টাইটান’ আসার ঠিক আগেই রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে আরও একটি জাহাজ ম্যাঙ্গালোরে এসে পৌঁছেছে। তবে বড় জাহাজ হওয়ায় সেটি বন্দর থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে দাঁড়িয়ে আছে। জানা গিয়েছে, সেখান থেকে বিশেষ পাইপলাইনের (সিঙ্গল পয়েন্ট ম্যুরিং) মাধ্যমে তেল সরাসরি পৌঁছে দেওয়া হবে এমআরপিএল কারখানায়।
আসলে, মাঝসমুদ্রে আটকে থাকা রুশ তেল বিক্রির ক্ষেত্রে আমেরিকা সম্প্রতি সাময়িক ছাড়পত্র দিয়েছে। মূলত পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম যাতে আকাশছোঁয়া না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এই সুযোগে ভারতও রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ অনেকটা বাড়িয়ে দিয়েছে। ইরানের সঙ্গে সংঘাতের জেরে মধ্য এশিয়ার তেল সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে, তা সামাল দিতেই ভারতের এই মরিয়া চেষ্টা।
এর আগে চলতি সপ্তাহেই রান্নার গ্যাস নিয়ে ভারতের নিজস্ব জাহাজ ‘নন্দাদেবী’ গুজরাটের ভাদিনার বন্দরে এসে পৌঁছয়। তার ঠিক আগেই মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল ‘শিভালিক’। আমেরিকা, ইজরায়েল ও ইরানের যুদ্ধের জেরে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এখন অত্যন্ত বিপজ্জনক। সেই চরম ঝুঁকি নিয়েই জাহাজ দুটি ভারতে জরুরি গ্যাসের জোগান নিশ্চিত করেছে।
সরকারি সূত্রের খবর, এখনও ২২টি ভারতীয় জাহাজ এবং ৬১১ জন ভারতীয় নাবিক উত্তপ্ত পারস্য উপসাগরীয় এলাকায় রয়েছেন। তাঁদের নিরাপত্তার দিকে কড়া নজর রাখছে ডিরেক্টরেট জেনারেল অব শিপিং।
