আজকাল ওয়েবডেস্ক: রবিবার, ছুটির দিনে হইচই শ্রীনগর বিমানবন্দরে। বিমানবন্দরে ঢোকার পর রুটিন তল্লাশির সময় দু'জন মার্কিন নাগরিকদের ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি নিষিদ্ধ বস্তু। নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ আটক করেন ওই দুই ব্যক্তিকে।

 
জানা গিয়েছে, বিমানে ওঠার আগে নিয়ম মেনে রুটিন তল্লাশি হয় সকল যাত্রীর। তখনই দুই মার্কিন নাগরিকের ব্যাগ থেকে একটি স্যাটেলাইট ফোন খুঁজে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাঁদের আটক করেন। এর পর পরবর্তী তদন্তের জন্য তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন জফ্রি স্কট। তাঁর বাড়ি আমেরিকার মন্টানায়। নিরাপত্তা আধিকারিকেরা জানিয়েছেন, উদ্ধার হওয়া স্যাটেলাইট ফোনটির মার্কিন সংস্থা গার্মিন-এর। 


উল্লেখ্য, থুরায়া, ইরিডিয়াম-সহ বিভিন্ন সংস্থার স্যাটেলাইট ফোন ব্যবহারের উপর রয়েছে নিষেধাজ্ঞা। ভারতের টেলিগ্রাফ আইন বা অন্যান্য সুরক্ষানীতি অনুযায়ী, কোনওরকম অনুমতি ছাড়া স্যাটেলাইট ফোন সঙ্গে রাখলে সেই ফোন তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হবে। আটক করা হবে অভিযুক্তদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনে তাঁদের গ্রেপ্তারও করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে আইনে। সরকারি বিধি অনুযায়ী, স্যাটেলাইট ফোন ব্যবহারের জন্য কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগের থেকে লিখিত অনুমতি নিতে হবে। শুধু দেশের নাগরিকের উপর নয়, বিদেশিদের ক্ষেত্রেও রয়েছে এই নিষেধাজ্ঞা। মূলত, দেশের সুরক্ষার কথা মাথায় রেখেই জারি রয়েছে নিষেধাজ্ঞা। 


উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও পুদুচেরি বিমানবন্দরে একজন মার্কিন চক্ষু বিশেষজ্ঞকে একই কারণে আটকানো হয়। তাঁর কাছে ছিল একটি ইরিডিয়াম-এর স্যাটেলাইট ফোন। তাঁর গন্তব্য হায়দরবাদ হলেও তাঁকে আটক করে পুলিশি তদন্ত শুরু করা হয়। 


তবে এগুলি বিক্ষিপ্ত ঘটনা নয়, এর আগেও দেশের বিভিন্ন হোটেল বা বিমানবন্দর থেকে বিদেশি নাগরিকদের কাছ থেকে স্যাটেলাইট ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এ সমস্ত ঘটনা এড়াতেই ২০২৫ সালের ৩০ জানুয়ারি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফে সমস্ত বিমানসংস্থাকে যাত্রীদের এই নিষেধাজ্ঞার কথা জানাতে বলা হয়। বিমানবন্দরের সর্বত্র এ বিষয়ে বারংবার যাত্রীদের জন্য সতর্কবার্তা জারির নির্দেশ দেওয়া হয়।