আজকাল ওয়েবডেস্ক: ছাব্বিশের ভোট ঘোষণার দিন মধ্যরাতেই পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব পদে রদবদল করেছে নির্বাচন কমিশন। এর কয়েক ঘন্টা বাদে সোমবার সকালে ফের কড়া পদক্ষেপ করে কমিশন। রাজ্য পুলিশের ডিজি পদ থেকে পীযূস পাণ্ডে ও কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সুপ্রতীম সরকারকে। তড়িঘড়ি এই অপসারণের প্রতিবাদে সংসদে সোচ্চার হল রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন জোড়া-ফুলের সাংসদরা।
এছাড়াও সংশোধনের নামে ভোটার তালিকা থেকে বাংলার ভোটারদের বাতিলেন অভিযোগেও সোমবার সংসদে সরব হয় তৃণমূল। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে তৃণমূলের আলোচনার দাবি নাকচ হয়। সেই প্রতিবাদেও এই ওয়াকআউট।
এদিন প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক-রা। পরে সংবাদ সংস্থা পিটিআইকে সাগরিকা বলেন, "নির্বাচন কমিশন যেভাবে গভীর রাতে—ভোর ৪টের সময়—বাংলার স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবকে বদলি করেছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলায় বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে এই ক্ষমতা থাকলেও, তারা বাংলার নির্বাচিত সরকারকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে সেই ক্ষমতার অপব্যবহার করছে। আমরা এই বিষয়টি সংসদে উত্থাপন করেছি। আমাদের নেতা ডেরেক ও’ব্রায়েনও এই প্রসঙ্গটি তুলে ধরেছেন, আর তারই প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজ সারাদিনের জন্য সংসদ থেকে ওয়াকআউট করেছে।"
ভোটের মুখে আইএস স্তরে কী রদবদল করল কমিশন?
- নন্দিনী চক্রবর্তীর বদলে রাজ্যের মুখ্যসচিবের পদে বসানো হয়েছে দুষ্মন্ত নারিয়ালাকে।
-জগদীপ প্রসাদ মিনার বদলে স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সঙ্ঘমিত্রা ঘোষকে।
ভোটের মুখে আইপিএস স্তরে কী রদবদল করল কমিশন?
- রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন সিদ্ধনাথ গুপ্ত। ওই পদে ছিলেন পীযূষ পাণ্ডে।
- কলকাতার কমিশনার পদ থেকে সরানো হয়েছে রাজ্য সুপ্রতীম সরকারকে। ওই জায়গায় বসানো হল অজয় কুমার নন্দাকে।
- ডিজি (সংশোধনাগার) করা হল নটরাজন রমেশ বাবুকে।
- এডিজি (আইন-শৃঙ্খলা) করা হল অজয় মুকুন্দ রানাডে-কে।
