আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনের পার্টিতে তুমুল হুল্লোড়। আচমকাই চলল গুলি। সেই পার্টিতেই ছড়িয়ে ছিটিয়ে তিন বন্ধুর লাশ। কারণ? বন্ধুর জন্মদিনে কেক মাখামাখি নিয়ে তুমুল ঝামেলা। আর তার জেরেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের খুর্জা নগরে। খুর্জা নগর থানার পুলিশ জানিয়েছে, শনিবার রাতে এক জন্মদিনের পার্টিতে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। মৃতেরা হলেন, অমরদ্বীপ সাইনি, মণীশ সাইনি, আকাশ সাইনি। 

 

জন্মদিন ছিল জিতু সাইনি। তিনিই মূল অভিযুক্ত। তিনিই নিজের জন্মদিনের পার্টিতে তিন বন্ধুকে গুলি করে খুন করেন। এরপর আরও কয়েকজন অভিযুক্তের সঙ্গে পালিয়ে যান। এখনও মূল অভিযুক্ত অধরা। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 

 

পুলিশ জানিয়েছে, স্থানীয় এক জিমেই জন্মদিনের উদযাপন হচ্ছিল। সেখানেই কেক কাটার পর জিতুর গালে ক্রিম মাখিয়ে দেন তিন বন্ধু মিলে। সেই কেক মাখানোকে ঘিরে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। কয়েক মিনিটের মধ্যে দলবদলের সঙ্গে সাত থেকে আটটি বন্দুক নিয়ে জিমে হাজির হন জিতু। 

 

নিমেষের মধ্যে তিন বন্ধুকে লক্ষ্য করে গুলি করে চালান জিতু। কাউকে কিছু বলার সুযোগ দেননি। পরপর কয়েক রাউন্ড গুলি চালানোর পরেই জিম থেকে বেরিয়ে যান তিনি। তড়িঘড়ি তিন বন্ধুকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাতে ছ'টি টিম গঠন করা হয়েছে। কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। মৃতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কেক মাখানোকে কেন্দ্র করেই অশান্তি হয়েছিল। কিন্তু সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করেই কয়েক মিনিটের মধ্যে গুলি চালান জিতু‌।