আজকাল ওয়েবডেস্ক: এ বার ‘ডেলিভারি’ ব্যবসায় বিরাট বদল। এআই-কে হাতিয়ার করল লজিস্টিকস সংস্থা ‘ফারআই’। চলতি সপ্তাহে নয়ডায় তারা ‘পাইলট’ নামে একটি অত্যাধুনিক সফটওয়্যার লঞ্চ করল। সংস্থার দাবি, এর ফলে ডেলিভারি সামলানোর কাজ সহজ হবে। একইসঙ্গে এক ধাক্কায় অনেকটা কমবে খরচ।

সাধারণত দেখা যায়, ডেলিভারি কোন পথে গ্রাহকের কাছে পৌঁছবে বা কোন চালক কোন এলাকা সামলাবেন- এই সব পরিকল্পনা করতে একজন আধিকারিকের দিনে প্রায় ১০ ঘণ্টা সময় বেরিয়ে যায়। ফারআই-এর দাবি, তাদের এই নতুন এআই প্রযুক্তি সেই কাজ করে দেবে মাত্র ১ ঘণ্টায়। অর্থাৎ, প্রায় ৯৫ শতাংশ সময় বাঁচবে।

কী কী করবে এই এআই? 

আবহাওয়া এবং রাস্তার জ্যামের কথা মাথায় রেখে মাত্র ১৫ মিনিটে সবথেকে সহজ রুট তৈরি করে দেবে এই সফটওয়্যার।

চালকদের ডিউটি থেকে শুরু করে তাঁদের গতিবিধি- সবটাই নজরে রাখবে কমপক্ষে ১১টি বিশেষ ‘এআই এজেন্ট’।

ডেলিভারি পৌঁছতে দেরি হলে বা ঠিকানা ভুল থাকলে গ্রাহকের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা এসএমএস-এর মাধ্যমে এটি নিজেই যোগাযোগ করে নেবে।

ডেলিভারি শেষে বিলের গরমিল মেটানোর কাজও সহজে করে দেবে এই এআই। 

ফারআই-এর সহ-প্রতিষ্ঠাতা গৌরব শ্রীবাস্তব জানান, পুরনো পদ্ধতিতে কাজ করতে গিয়ে লজিস্টিকস সংস্থাগুলিকে প্রচুর বাড়তি খরচ বইতে হয়। এই এআই  ব্যবহার করলে খরচ কমে যাবে প্রায় ১৭.৫ শতাংশ।

সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ভুল ঠিকানা বা কোনও ডেলিভারি সফল না হলে কোম্পানিগুলির গড়ে প্রায় ১,৬৭৫ টাকা (১৭.৭৮ ডলার) লোকসান হয়। নতুন এই প্রযুক্তি সেই সে সব কাটিয়ে কাজ সহজ করে দেবে৷ 

ইতিমধ্যেই ব্লু ডার্ট এবং মেয়ার্স্ক -এর মতো নামী সংস্থা এই প্রযুক্তির প্রশংসা করেছে। ব্লু ডার্ট-এর ম্যানেজিং ডিরেক্টর বলফোর ম্যানুয়েলের মতে, লজিস্টিকস ব্যবসায় এই এআই টুল নতুন 'দিশা'। আপাতত যে কোনও সংস্থায় চার সপ্তাহ পরীক্ষার পর এই পরিষেবা চালু করা যেতে পারে বলে জানিয়েছে ফারআই।