আজকাল ওয়েবডেস্ক: অপরাধ করছি, ক্ষমা কর। অনেকটা এই ঢঙেই শীতলা মায়ের কাছে প্রণাম ঠুকে বিগ্রহের সামনে থাকা প্রণামী বাক্সের টাকা নিয়ে চম্পট দিল চোর! ঘটনা গত মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রের নাগপুর জেলার এক শীতলা মন্দিরের।
মন্দিরের প্রণামীবাক্স ভাঙা অবস্থায় পড়ে ছিল। পুরোহিত এসে বিষয়টি দেখেই পুলিশে খবর দেয়। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজে নজর দিতেই বিষয়টি জানাজানি হয়।
ঘটনাটি ২৮ জুলাই রাত আনুমানিক ২.২০ মিনিটের। সিসিটিভি-তে দু'জনকে মন্দিরের চত্বরে দেখা যাচ্ছে। তাদের মধ্যে একজনকে শীতলা বিগ্রহের সামনে কান ধরে থাকতে দেখা যায়। আর অন্যজন প্রণামীবাক্সের তালা খোলার চেষ্টা করছিল। ক্ষমা চাওয়ার ভঙ্গি করার পর, প্রথম জন আশেপাশের পরিস্থিতির ওপর নজর রাখতে থাকে, আর তার সহযোগী প্রাণমী বাক্সটি ভাঙার চেষ্টা চালাচ্ছিল।
প্রণামীবাক্সটি খোলার পর অভিযুক্তদের ভেতরের নগদ টাকা বের করতে দেখা যায়। এরপর তারা টাকাগুলো একটি ব্যাগে ভরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কয়েক ঘণ্টা পর মন্দিরের কর্তৃপক্ষ এসে প্রণামীবাক্স তালা ভাঙা অবস্থায় দেখতে পান। সামেন আসে চুরির বিষয়টি। মন্দিরের পুরোহিত জিতেন্দ্র পাণ্ডের মতে, পরবর্তীকালে সিসিটিভি ফুটেজে মন্দিরের ভেতরে দু'জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখা গিয়েছে। তিনি বলেন, "সকাল ৮টার দিকে আমরা যখন মন্দিরে আসি, তখন তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। এরপর আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দু'জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখতে পাই। পরে আমরা থানায় যাই। পুলিশ আধিকরাও শীতলা মাতা মন্দিরে এসে ফুটেজটি পরীক্ষা করেন।"
পাণ্ডে আরও জানান, এই নিয়ে শীতলা মন্দিরে তিনবার চুরির ঘটনা ঘটল। এর আগে দেবতা-বিগ্রহের মূল্যবান সামগ্রী এবং প্রণামীবাক্স থেকে টাকা চুরি হয়েছিল। শীতলা মন্দিরের পুরোহিত বলেন, "গত এক বছর ধরে চুরির ঘটনাগুলো ঘটছে। এটি এ ধরনের তৃতীয় ঘটনা। এর আগে, যখন সিসিটিভি ক্যামেরা বসান হয়নি, তখন মন্দিরের দুই দেবতার সোনার মঙ্গলসূত্র চুরি হয়েছিল। দ্বিতীয়বার প্রণামীবাক্সটি ভেঙে ফেলা হয়েছিল। এবারও একই ঘটনা ঘটল।"
পুলিশ মন্দিরে চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে
















