আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলায় প্রকাশিত হবে চলতি মাসের শেষে। বা মার্চের শুরুতে। তার আগে তামিলনাড়ুতে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা। কমিশন জানিয়েছে, এসআইআর এর পর তামিলনাড়ুতে মোট ভোটার ৫ কোটি ৬৭ লক্ষের একটু বেশি। তার মধ্যে ২ কোটি ৭৭ লক্ষের বেশি পুরুষ ভোটার। আর ২ কোটি ৮৯ লক্ষের একটু বেশি মহিলা ভোটার। তালিকায় নতুন যোগ হয়েছে ২৭ লক্ষের বেশি ভোটারের নাম। আর তালিকা থেকে বাদ গিয়েছে ৭০ লক্ষের বেশি নাম।


সোমবার চেন্নাইতে একটি সাংবাদিক বৈঠকে তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অর্চনা পট্টনায়ক জানান, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৭০ লক্ষের নাম বাদ যাওয়ার পাশাপাশি নতুন ২৭ লক্ষের বেশি ভোটারের নাম সংযুক্ত করা হয়েছে। এই ভোটারদের বয়স ১৮ থেকে ১৯–এর মধ্যে।


এটা ঘটনা, তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন শীঘ্রই হবে। পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সঙ্গেই দক্ষিণের এই রাজ্যে ভোট হওয়ার কথা। তার আগে সে রাজ্যে এসআইআর পর্ব শেষ করে চূ়ড়ান্ত তালিকা প্রকাশ করে দিল কমিশন। এই ভোটার তালিকা অনুযায়ীই নির্বাচন হবে সেখানে। কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছে, ভোটার তালিকায় ‘আপডেটেশন’–এর কাজ একটি ধারাবাহিক প্রক্রিয়া। মনোনয়নের শেষ দিন পর্যন্ত যে কেউ ফর্ম ৬ (ভোটার তালিকায় নাম তোলার জন্য), ফর্ম ৭ (নাম বাদ দেওয়ার জন্য), ফর্ম ৮ (পরিবর্তনের জন্য) জমা দিতে পারেন।


তামিলনাড়ুতে চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই বাংলাতেও তোড়জোড় শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে না সময়টা পিছোবে তা বিবেচ্য। তবে শুনানির কাজ সম্পন্ন হয়েছে। হয়ত খুব শীঘ্রই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তখন দেখা যাবে কত নাম বাদ পড়ল আর কত নাম নতুন করে যোগ হল।