আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার সন্ধ্যায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির এক নামী হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোনিয়া গান্ধী।‌ 

সূত্রের খবর, মঙ্গলবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় সোনিয়া গান্ধীর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। দু'জনেই তাঁরা হাসপাতালে দীর্ঘক্ষণ ছিলেন। গভীর রাতে রাহুল গান্ধী হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। কী কারণে সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থার অবনতি হল, অসুস্থতার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। 

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তনের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধী। তাঁকে হাসপাতালে নজরে রেখেছেন চিকিৎসকরা। যদিও তাঁর শারীরিক অবস্থার বিরাট অবনতি হয়নি। 

 

প্রসঙ্গত, চলতি বছরে জানুয়ারি মাসেই দিল্লির এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন রাজ্যসভার সাংসদ সোনিয়া। সেবার শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। 

গত বছর জুন মাসে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। পেটের অসুখে ভুগছিলেন সোনিয়া। রবিবার রাতে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেবার ৩০ দিনের মধ্যে দ্বিতীয়বার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার রাতে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। পেটের সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। চিকিৎসকরা যদিও জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 

 

প্রসঙ্গত, গত ৭ জুন মাসে হিমাচল প্রদেশে হঠাৎ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়া গান্ধীকে। সেবার রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। চিকিৎসকরা জানিয়েছিলেন, সামান্য শারীরিক অসুস্থতাও ছিল সে সময়। উচ্চ রক্তচাপ ও অস্বস্তিতে ভুগছিলেন তিনি‌। 

 

গত বছরে ফেব্রুয়ারি মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। সেবারেও পেটের সমস্যা দেখা দিয়েছিল তাঁর। সেই সময়েও শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরেরদিন যদিও ছাড়া পান।