আজকাল ওয়েবডেস্ক: অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পাশেই আছেন রাহুল ও প্রিয়াঙ্কা। মঙ্গলবার রাতে হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল।‌ বুধবার জানা গেল, সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল রাতে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। ৭৯ বছর বয়সি বর্ষীয়ান রাজনীতিকের ফুসফুসেও সংক্রমণ রয়েছে। গতকাল দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়াকে। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। মেডিক্যাল টিম জানিয়েছে, সোনিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। 

অন্যদিকে কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরলে বিধানসভা নির্বাচনের মুখে আজ থেকেই দলের হয়ে নির্বাচনী প্রচার শুরু করার কথা ছিল সাংসদ রাহুল গান্ধীর। কোঝিকোড়েতে বিশাল ব়্যালিতে অংশ নেওয়ার কথা ছিল রাহুলের। কিন্তু সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণে কেরল সফর বাতিল করেছেন রাহুল। তাঁর বদলে ওই  ব়্যালিতে অংশ নেবেন সাংসদ মল্লিকার্জুন খাড়গে।

প্রসঙ্গত, চলতি বছরে জানুয়ারি মাসেই দিল্লির এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন রাজ্যসভার সাংসদ সোনিয়া। সেবার শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। 

গত বছর জুন মাসে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। পেটের অসুখে ভুগছিলেন সোনিয়া। রবিবার রাতে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেবার ৩০ দিনের মধ্যে দ্বিতীয়বার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার রাতে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। পেটের সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের  গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। চিকিৎসকরা যদিও জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 

প্রসঙ্গত, গত ৭ জুন মাসে হিমাচল প্রদেশে হঠাৎ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়া গান্ধীকে। সেবার রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। চিকিৎসকরা জানিয়েছিলেন, সামান্য শারীরিক অসুস্থতাও ছিল সে সময়। উচ্চ রক্তচাপ ও অস্বস্তিতে ভুগছিলেন তিনি‌। 

গত বছরে ফেব্রুয়ারি মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। সেবারেও পেটের সমস্যা দেখা দিয়েছিল তাঁর। সেই সময়েও শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরেরদিন যদিও ছাড়া পান।