বিয়ের পিঁড়িতে পাত্রের কাণ্ডকারখানা দেখে কনের পরিবারের মাথায় হাত! বিয়ের অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে মদ্যপ অবস্থায় বর এমন অসভ্যতা শুরু করল যে শেষ পর্যন্ত বিয়েটাই ভেঙে দিতে বাধ্য হলেন কনে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। জানা গিয়েছে, ধুমধাম করেই বিয়ের আয়োজন করা হয়েছিল। আচার-অনুষ্ঠান সব ঠিকঠাকই চলছিল। কিন্তু বিপত্তি ঘটল যখন বর মদ্যপ অবস্থায় মণ্ডপে এসে হাজির হলেন। শুধু তাই নয়, নেশার ঘোরে তিনি আচমকাই যৌতুক হিসেবে মোটা অঙ্কের টাকা ও দামী বাইকের দাবি করেন। শুধু তাই-ই নয়, যৌতুক না পেয়ে বিয়ের মণ্ডপেই জামা-কাপড় খুলে ফেলেন তিনি। পাত্রের এমন অভব্য আচরণ এবং হঠকারী দাবি দেখে স্তম্ভিত হয়ে যান উপস্থিত আত্মীয়-স্বজনরা।
কনের পরিবার শুরুতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বর নিজের জেদে অটল থাকেন। কনে পক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, এমন মদ্যপ এবং লোভী পাত্রের সঙ্গে মেয়ের জীবন নষ্ট হতে দেওয়া যায় না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষপর্যন্ত বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেন কনের বাড়ির লোকজন।
এদিকে, বরের এমন ব্যবহারের কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কনের পরিবারের সিদ্ধান্তে অটল থাকায় বিয়ে না করেই শেষমেশ ফিরে যেতে হয় বর ও তাঁর পরিবারের সদস্যদের। এই খবর বর্তমানে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। এই ঘটনা নিয়ে চর্চাও শুরু হয়েছে নেটপাড়ায়।















