আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর ইন্দিরানগরের চিন্ময় মিশন হাসপাতালে চিকিৎসায় গাফিলতির এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, আইভি ড্রিপ খোলার সময় ছয় মাস বয়সি এক শিশুর বাঁ হাতের ছোট আঙুলটি কাটা পড়ে। হাসপাতালে কর্মরত একজন নার্স, চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে ইন্দিরানগর থানায়।
থানায় দায়ের করা এফআইআরের তথ্য অনুযায়ী, ঘটনাটি ২৪ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে রাত ৮টার মধ্যে ওই হাসপাতালে ঘটেছে। অভিযোগ দায়েরকারী ৩৯ বছর বয়সি বিজয় কুমার জানিয়েছেন, তাঁর ছয় মাস বয়সি ছেলে, বালাকুমার ভি, তীব্র জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে ১৯ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়। ওই দিন সকাল ১০টা ৫৭ মিনিটে চিকিৎসকের পরামর্শে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এফআইআর-এ উল্লেখ রয়েছে, ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিশুটির চিকিৎসা করেন ডা. মীনাক্ষী। ২৪ ফেব্রুয়ারি বিকেল প্রায় ৩টার সময় শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকেরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতালের বিল মেটানোর সময়ে হাসপাতালের নার্স অনীতা, আইভি ড্রিপ খুলতে গিয়ে শিশুটির বাঁ হাতের ছোট আঙুল অসাবধানতাবশত কেটে ফেলেন বলে অভিযোগ ওঠে।
শিশুটির বাবার অভিযোগ, এরপর শিশুটি তীব্র যন্ত্রণায় কাঁদতে থাকে এবং সঙ্গে সঙ্গে তাকে জরুরি বিভাগে নিয়ে গিয়ে ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হয়।
শিশুটির বাবা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এই ঘটনায় শিশুটি ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি নার্স, চিকিৎসক এবং চিন্ময় মিশন হসপিটালের পরিচালন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। মামলাটি মায়োহলের দশম অ্যাডিশানাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।
