আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর তুষারঝড়ের পূর্বাভাস দিল ডিফেন্স জিয়োইনফরমেটিক রিসার্চ এসটাবলিসমেন্ট। এরপরই তৎপর সিকিম প্রশাসন। ডিফেন্স জিয়োইনফরমেটিক রিসার্চ এসটাবলিসমেন্টের নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে পড়তে চলেছে সিকিম। যাতে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছাঙ্গু ও নাথুলা সংল্পগ্ন এলাকাগুলো। 

 

ইতিমধ্যেই সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে সিকিম প্রশাসনের কাছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ যদিও বিগত কয়েকদিন ধরেই একনাগাড়ে তুষারপাত চলছে উত্তর থেকে পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকায়। দফায় দফায় তুষারপাতে বরফের চাদরে মুড়ছে সিকিম। 

 

সামরিক বাহিনী সেই চাদর সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যেই এই তুষারঝড়ের বিজ্ঞপ্তি যেন আরও কয়েকধাপ আতঙ্কের সঞ্চার করছে৷ ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার বাহিনীর পাশাপাশি তৎপর রয়েছে বিভিন্ন দপ্তর। অন্যদিকে তৎপর ভারতীয় সেনা৷ বর্তমানে বিপুল পরিমাণ পর্যটকেরা রয়েছেন এই সমস্ত এলাকায়। তাঁদের জন্য সিকিম সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, যে যেখানে রয়েছেন, তাঁদের সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সিকিম আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, সেনার তরফ থেকে একটি সতর্কতা পত্র সিকিম প্রশাসনকে পাঠানো হয়েছে। সিকিম প্রশাসন সিকিম আবহাওয়া দপ্তরকে সমগ্র বিষয়ের ওপর ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ দিয়েছে। সিকিমের তুষারঝড়ের জেরে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানান তিনি। 

 

অন্যদিকে হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সভাপতি সম্রাট সম্মেলন বলেন, "পর্যটকরা যে যেখানে আছেন, তাঁদেরকে সেখানেই থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে সিকিম প্রশাসন যেমন হেল্পলাইন নম্বর চালু করেছে, ঠিক তেমন আমরা একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছি। যদি কোথাও কোনও পর্যটকের সমস্যা হয় তাহলে আমরা সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করে তাঁদেরকে উদ্ধারের ব্যবস্থা করব। বিশেষ করে শিশুদের নিয়ে আসা পর্যটকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হচ্ছে। তুষারঝড়ের প্রভাব পড়তে পারে এমন এলাকায় সিকিম প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।"