আজকাল ওয়েবডেস্ক: ১৮ মার্চ বুধবার  চণ্ডীগড়ে সেক্টর  ৯এ  দিনে দুপুরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্কিত সাধারণ মানুষ । চণ্ডীগড় শহরের একটি জিমের বাইরে প্রকাশ্যে  গুলি করে খুন করা হয় এক ব্যাবসায়ীকে ।  
 
নিহত ব্যক্তি চরণ প্রীত সিংহ  প্রতিদিনের মত বডি জোন  জিমে  আসতেন।  মল্লানপুর এলাকার বাসিন্দা, এই ব্যক্তি পেশায় প্রপার্টি ডিলার ছিলেন।  জিম থেকে বের  হয়ে স্করপিও  গাড়িতে ওঠার  সময়ই আগে থেকে লক্ষ্য করে  রাখা হেলমেট পরে থাকা  দুষ্কৃতিরা বাইক  করে এসে তাকে আক্রমণ করে। প্রায় সাত থেকে আটবার  তাঁর ওপর গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং চিকিৎসার জন্য দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে ডাক্তাররা চিকিৎসা শুরু করার আগেই তাকে মৃত বলে ঘোষণা করেন। 
 
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দিন দুপুরে এমন দুঃসাহসিক আক্রমণে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাবাসীদের মধ্যে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে  এবং আশেপাশের সিসিটিভি ভিডিও খুঁটিয়ে দেখা শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এই খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতা বা ব্যবসায়িক বিবাদ থাকতে পারে।  
 
তদন্ত মারফত জানা গেছে এটি একটি সুপরিকল্পিত খুন। নিহত চরণ প্রীত সিংহ-এর  বিরুদ্ধে অতীতেও খুনের চেষ্টা সহ বিভিন্ন মামলা ছিল। গ্যাংস্টার লাকি পাতিয়াল এই খুনের দায়ভার নিয়েছে এবং নিহতের বিরুদ্ধে গ্যাং-এর তথ্য ফাঁস করার অভিযোগ এনেছে।