আজকাল ওয়েবডেস্ক: বর্ষা ঢুকলেও স্বস্তির বৃষ্টির দেখা নেই। বৃষ্টির ঘাটতি রাজ্যে রাজ্যে। জুনের তৃতীয় সপ্তাহেও তীব্র তাপপ্রবাহে পুড়ছে একের পর এক জেলা। এই আবহে ফের বন্ধ হল স্কুল। বাড়ল গরমের ছুটির মেয়াদ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ওড়িশার একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। শুধু বৌধগড়েই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপপ্রবাহের আবহে একাধিক জেলায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে।
ওড়িশার শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে ঘোষণা করা হয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত বোলাঙ্গির, সোনপুর, গঞ্জাম, অঙ্গুল, সুন্দরগড় জেলায় সমস্ত স্কুল বন্ধ থাকবে। এই জেলাগুলিতে ১৮ জুন, বৃহস্পতিবার স্কুল খোলার কথা ছিল। গরমের ছুটির মেয়াদ আরও দু'দিন বাড়ানো হয়েছে। ২১ জুলাই, রবিবার। সবমিলিয়ে আগামী ২২ জুন, সোমবার এই জেলাগুলিতে সমস্ত স্কুলে পঠনপাঠন শুরু হবে।
প্রতিবেশী জেলা নৌপাড়াতে স্কুল বন্ধের বদলে স্কুলের সময়সীমা বদলানো হয়েছে। এই জেলায় সমস্ত স্কুলে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পঠনপাঠন ভোর সাড়ে ছ'টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
চলতি বছরে ২৭ এপ্রিল থেকে ওড়িশার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছিল। তীব্র তাপপ্রবাহের আবহে গরমের ছুটি ছিল সব জেলাতেই। বর্ষা ঢুকলেও, গরম থেকে রেহাই পাওয়া যায়নি। গতকাল সম্বলপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। হিরাকুঁদে ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস, সোনপুরে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, তিতলাগড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের তাপমাত্রা।
ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী ২১ জুন পর্যন্ত ওড়িশার একাংশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। এর মাঝেই কিছু জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কয়েকটি জেলায়।















