আজকাল ওয়েবডেস্ক: প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর আঁটোসাঁটো ব্যবস্যা করেছে কেন্দ্র। কিন্তু, লাভ কী হচ্ছে? ফের ধরা পড়ল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর গাফিলতি। ২১ জুন হবে 'রি-নিট ইউজি ২০২৬'। নাগপুরের এক পরীক্ষার্থীকে 'রি-নিট ইউজি ২০২৬'  পরীক্ষার জন্য এনটিএ আবুধাবিতে পরীক্ষার কেন্দ্র বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

আবদুল্লা মহম্মদ তালিব নামের ওই পরীক্ষার্থী অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের 'রি-নিট ২০২৬'-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরই মারাত্মক এই অসঙ্গতি নজরে পড়ে। তালিবের ভারতের কোনও কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু অ্যাডমিট কার্ডে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির একটি পরীক্ষার কেন্দ্রের উল্লেখ রয়েছে।

জানা গিয়েছে, আবদুল্লা নাগপুর থেকে পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। দেশের ভেতরেই কোনও কেন্দ্র পাওয়ার আশা করেছিলেন। এই পরীক্ষাার্থীর কোনও পাসপোর্ট নেই, ফলে পরীক্ষায় অংশ নিতে বিদেশে যাওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব।

আবদুল্লা মহম্মদ তালিবের 'রি-নিট ২০২৬'-এর অ্যাডমিট কার্ডের একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পরীক্ষার কেন্দ্র হিসেবে আবুধাবির একটি ভারতীয় স্কুলের নাম উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি এনটিএ কর্মকর্তাদের নজরে আনা হয়।

বিষয়টি জানানোর পর এনটিএ কর্তারা তাঁদের তরফে হওয়া ভুলস্বীকার করেছেন। বিষয়টিকে একটি কারিগরি ত্রুটি হিুসাবে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ করার হবে বলে সংস্থার তরফে পরীক্ষার্থীর পরিবারকে আশ্বস্ত করা হয়। জানানো হয়েছে যে, সঠিক পরীক্ষার কেন্দ্র-সহ একটি সংশোধিত অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে।

পরীক্ষার্থীর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, তারা এনটিএ-র কাছ থেকে একটি মেল পেয়েছেন। সেখানে আশ্বাস দেওয়া হয়েছে যে, শনিবার সন্ধ্যার মধ্যেই এই ভুলটি সংশোধন করা হবে।

এনটিএ-র তরফে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হযেছে, যেন সকলে ব্যক্তিগত তথ্য, পরীক্ষার কেন্দ্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ সংক্রান্ত কোনও অসঙ্গতি থাকলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানায়।

'রি-নিট ইউজি ২০২৬' পরীক্ষাটি ২১ জুন দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত 'পেন-অ্যান্ড-পেপার' পদ্ধতিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে তাদের অ্যাডমিট কার্ড এবং অন্যান্য নির্দেশিত নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।