আজকাল ওয়েবডেস্ক: বিশিষ্ট শিল্পপতি রতন টাটার প্রয়াণে গত কয়েকদিন ধরে ফের তুমুল আলোচনায় টাটা গ্রুপ। রতন টাটা চলে গিয়েছেন, কিন্তু রেখে গিয়েছেন টাটা সন্স, তাঁর ব্যবসায়িক দূরদৃষ্টির প্রতীক এবং তাঁর বিপুল সম্পত্তি। টাটার মোট সম্পত্তির মূল্য, সংস্থার নাম, ব্র্যান্ডের নাম, ব্যবসার হাল-হকিকত নিয়ে চলছে আলোচনা। টাটার মোট ২৯টি সংস্থা রয়েছে। এসবের মাঝেই উঠে এসেছে বেশ কয়েকটি সংস্থার নাম, যেগুলি আদতে টাটা সন্সের সংস্থা হলেও, টাটা ন্যানো, টাটা নেক্সন কিংবা টাটা ক্লিক-এর মতো ওই সংস্থাগুলির নামের সঙ্গে যুক্ত নেই ‘টাটা’ শব্দটি। কিন্তু ওই কয়েকটি সংস্থাও যথেষ্ট জনপ্রিয়। ফ্যাশন থেকে কফি শপ কিংবা দৈনন্দিনের প্রয়োজনীয় দ্রব্যাদির ঠিকানা, এই সংস্থাগুলির সাধারণের মধ্যে জনপ্রিয়তাও ব্যাপক হারে। কোন কোন সংস্থা রয়েছে এই তালিকায়, জানুন চটপট-
জারা- শুধু দেশ নয়, গোটা বিশ্বে অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জারা। এই সংস্থাও টাটার যৌথ উদ্যোগে তৈরি। রিটেইল মার্কেটে অত্যাধুনিক ফ্যাশনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনা করে থাকে এই সংথা। গোটা বিশ্বের কথা না ধরলেও, শুধু ভারতেই ২১টি জারার শোরুম রয়েছে।
ওয়েস্টসাইড- জারার পাশাপাশি, ফ্যাশন, পোশাকআশাকের বিষয়ে অন্যতম সংস্থা ওয়েস্টসাইড। এটিও ট্রেন্ট লিমিটেড নামে টাটা গ্রুপেরই এক সংস্থার অন্তর্ভূক্ত। ল্যাকমে-র প্রবল জনপ্রিয়তার পর, ১৯৯৮ সালে ট্রেন্ট লিমিটেড তৈরি হয়। দিনে দিনে সাধারণের মধ্যে প্রবল জনপ্রিয় হয় ওয়েস্টসাইড।
জুডিও- ওয়েস্টসাইডের মতোই দেশের অন্য এক জনপ্রিয় ফ্যাশন সংস্থা জুডিও। সংস্থার নামের সঙ্গে ‘টাটা’ যুক্ত না থাকলেও, এটিও আদতে টাটা-র সংস্থা। সাধ্যের মধ্যে নানা ধরনের পোশাক, প্রয়োজনীয়দ্রব্যের ঠিকানা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে জুডিও।
স্টারবাকস- বিশ্বজুড়ে পরিচিত, ব্যাপক জনপ্রিয় কফি ব্র্যান্ড স্টারবাকস। টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের হাত ধরে এই সংস্থা ভারতীয় বাজারে প্রবেশ করে। ভারতে পথচলা শুরু হয় অক্টোবর ২০১২-তে।
বিগ বাস্কেট- দেশের প্রথম অনলাইন গ্রোসারির পথ খুলে দিয়েছিল বিগ বাস্কেট। ২০২১ সালে, নিজেদের এক সহযোগী সংস্থার মাধ্যমে বিগ বাস্কেটের ৬৪ শতাংশ অংশীদারিত্ব গ্রহণ করে টাটা।
