আজকাল ওয়েবডেস্ক: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে পঞ্জাবের আম আদমি পার্টি সরকার রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষনা করল। শনিবার রাজ্যের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা ২০২৬-২৭ অর্থবর্ষের যে বাজেট পেশ করেছেন, তার মূল আকর্ষণই হলো মহিলাদের মাসিক অনুদান।

এই প্রকল্পের অধীনে রাজ্যের ১৮ বছর ঊর্ধ্ব প্রায় ৯৭ শতাংশ মহিলাকে আর্থিক সহায়তার আওতায় আনা হচ্ছে। বলা হয়েছে, মহিলারা মাসে ১,০০০ টাকা করে পাবেন। তবে তফসিলি জাতিভুক্ত মহিলাদের জন্য এই বরাদ্দের পরিমাণ রাখা হয়েছে মাসিক ১,৫০০ টাকা। সরকারি কর্মী, প্রাক্তন বিধায়ক-সাংসদ এবং আয়করদাতারা বাদে বাকি প্রায় সব মহিলাই এই সুবিধা পাবেন। এমনকী যাঁরা আগে থেকেই বার্ধক্য বা বিধবা ভাতা পাচ্ছেন, তাঁরাও এই নতুন প্রকল্পের টাকা পাবেন।

বাজেটের অন্য নজরকাড়া দিক-

‘মুখ্যমন্ত্রী সেহত যোজনা’র মাধ্যমে পরিবার পিছু বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে সরকার। পাশাপাশি আরও ১০০টি আম আদমি ক্লিনিক গড়ার কথা বলা হয়েছে।

 শিক্ষা খাতে বরাদ্দ ৭ শতাংশ বাড়ানো হয়েছে। শ্রী আনন্দপুর সাহিবে নবম শিখ গুরু তেগ বাহাদুরের নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় এবং আধুনিক ট্রমা সেন্টার তৈরি হবে।

চাষিদের জন্য ১৫,৩৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি গ্রামের কয়েক হাজার কিলোমিটার রাস্তা পাকা করার লক্ষ্য নিয়েছে সরকার।

রাজ্যের দীর্ঘদিনের অভিশাপ মাদক সমস্যা দূর করতে আগামী এপ্রিল মাস থেকে একটি বড়সড় সমীক্ষা চালানো হবে।

জনকল্যাণমূলক প্রকল্পে অকাতরে খরচ করলেও রাজ্যের ঋণের বোঝা কিন্তু বাড়ছেই। হিসেব বলছে, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে পঞ্জাবের মোট ধারের পরিমাণ দাঁড়াবে প্রায় ৪.৪৭ লক্ষ কোটি টাকা। তবে অর্থমন্ত্রীর দাবি, রাজ্যের আয় বাড়ছে এবং পরিষেবা ও কৃষি ক্ষেত্রের উন্নতিতে পাঞ্জাব ফের ঘুরে দাঁড়াবে।

বাজেট বক্তৃতায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, এই বাজেট পাঞ্জাবের অদম্য নারীশক্তির প্রতি এক বিশেষ সম্মান।