আজকাল ওয়েবডেস্ক: সাময়িক বন্ধ করা হল পুণে বিমানবন্দরের রানওয়ে। শুক্রবার গভীর রাতে ভারতীয় বায়ুসেনার একটি বিমানের ‘হার্ড ল্যান্ডিং’–এর জেরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় পুণে বিমানবন্দরের রানওয়ে। এর ফলে শনিবার সকাল পর্যন্ত যাত্রিবাহী বিমানের উড়ান এবং অবতরণ ব্যাহত হয়েছে।
প্রসঙ্গত, বিমানের হার্ড ল্যান্ডিং হল বিমানটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতি নিয়ে রানওয়েতে নামে। সাধারণত প্রতিকূল আবহাওয়া, ছোট রানওয়েতে দ্রুত অবতরণের প্রয়োজনীয়তা, পাইলটের ভুল সিদ্ধান্ত, যান্ত্রিক সমস্যার মতো কারণে এই ঘটনা ঘটে যায়। তবে পুণে বিমানবন্দরের রানওয়েতে এটা কেন ঘটল বা কীভাবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় বায়ুসেনা।
শনিবার সকালে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভারতীয় বায়ুসেনার একটি পরিবহণ বিমানের অবতরণের সময় বিপত্তির জেরে ওই ঘটনা বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর। হার্ড ল্যান্ডিং এর ফলে বিমানটি রানওয়েতে আটকে যাওয়ায় উড়ান–অবতরণ ব্যাহত হচ্ছে। তবে বায়ুসেনার বিমানের চালক ও ক্রু সদস্যরা জখম হননি। বিমানবন্দরের রানওয়েরও কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে বায়ুসেনা। এটা ঘটনা, ভারতীয় বায়ুসেনার নিয়ন্ত্রণে থাকা পুণে বিমানবন্দরটি বাণিজ্যিক বিমান পরিবহণের জন্যও ব্যবহৃত হয়।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে সাতটা থেকে পুণে বিমানবন্দর থেকে উড়ান ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আর সাড়ে আটটা থেকে ধীরে ধীরে বিমান অবতরণ করছে।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী মুরলিধর মোহন বলেছেন, ‘বিমানের চালক ও ক্রু সদস্যরা জখম হননি। বিমানবন্দরের রানওয়েরও কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।’
















