আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের যশপুর জেলায় ভেঙে পড়ল একটি ব্যক্তিগত বিমান। ঘটনায় একাধিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

স্থানীয়দের দাবি, আচমকাই বিমানটি নিচের দিকে নামতে শুরু করে। তার মধ্যে একটি গাছে ধাক্কা লাগার পরই বিমানটি সোজা ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থল যশপুর-নারায়ণপুর অঞ্চলে বিমানটি ভেঙে পড়ার পর পাহাড়ের ঢালে আগুন ও ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

তবে বিমানটিতে ঠিক কতজন যাত্রী বা ক্রু সদস্য ছিলেন, তা এখনও জানা যায়নি। এই দুর্ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি নিশ্চিতকরণ মেলেনি। তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ এবং উদ্ধারকারী দল।

তবে ব্যক্তিগত বিমান ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত কোনও বিমান দুর্ঘটনার প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক।

যশপুরের জেলা শাসক রোহিত ব্যাস জানান, স্থানীয় গ্রামবাসীরা মাটির খুব কাছে একটি বিমানকে উড়তে দেখার কথা বলেছিলেন। তবে তিনি বলেন, “জঙ্গলে কোনও বিমান ভেঙে পড়ার প্রমাণ পাওয়া যায়নি।”

ওই আধিকারিক আরও জানান, সংশ্লিষ্ট অঞ্চলে কোনও বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও অস্বীকার করেছেন এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ।

রোহিত ব্যাস বলেন, “আমরা ঝাড়খণ্ড ও ওড়িশার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেও কথা বলেছি। ঝাড়খণ্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে থাকা কোনও বিমান ওই এলাকায় এমনভাবে ওড়েনি যাতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। ওড়িশাও প্রাথমিকভাবে এমন কোনও ঘটনার কথা অস্বীকার করেছে।”

তবে গোটা বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা আসেনি বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের দল মোতায়েন রয়েছে।