আজকাল ওয়েবডেস্ক: নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সারা দেশজুড়ে তৈরি হওয়া আশঙ্কার মাঝেই শিক্ষার্থীদের আস্বস্ত করতে সোশ্যাল মিডিয়ায় সরাসরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৃহস্পতিবার রাতে পোস্ট করা তাঁর একটি সেলফি ভিডিও নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি পোস্ট করার পর রাতারাতি ইনস্টাগ্রামে প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) নতুন অনুগামী যুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ২০ লাখে (১০২ মিলিয়ন)।

"আগামীকালের ক্যাবিনেট বৈঠকে প্রশ্নপত্র ফাঁস রোধে নেওয়া হবে আরও কড়া পদক্ষেপ!"—এই ক্যাপশনে পোস্ট করা প্রধানমন্ত্রীর ভিডিওটি ইতোমধ্যেই ২৭ কোটি ১০ লাখেরও (২৭১ মিলিয়ন) বেশি বার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ১ কোটি ৫০ লাখের বেশি এবং কমেন্ট এসেছে প্রায় ১৩ লাখ। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান যে প্রশ্নপত্র ফাঁসের মতো জালিয়াতি বন্ধ করতে সরকার আরও কঠোর আইনি নিয়ম আনতে চলেছে এবং শুক্রবারের কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকের মূল এজেন্ডা সম্পর্কেও দেশের মানুষকে অবহিত করেন।

একই সঙ্গে, নিজের সোশ্যাল মিডিয়া ভিডিওতে পাওয়া অনুগামীদের অভূতপূর্ব প্রতিক্রিয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে একটি বিশেষ বার্তাও দেন প্রধানমন্ত্রী। ভিডিওতে তিনি বলেন, "বন্ধুরা, আপনাদের ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল। আমার পোস্ট করা ভিডিওটিতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং যেসব গঠনমূলক পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা যেন এভাবেই বজায় থাকে এবং আমাদের এই নিবিড় সম্পর্ক আরও সক্রিয়ভাবে সামনের দিনগুলোতে বজায় থাকে। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুদের।"

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভিডিওতে বলেন, "আমি জানি প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়। এটি লাখ লাখ ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ঘটনার পর থেকে গত আড়াই মাসে একাধিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল শিক্ষার্থীদের একটা গোটা বছর যেন নষ্ট না হয় তা নিশ্চিত করা। খুব কম সময়ের মধ্যে প্রায় ২২ লাখ শিক্ষার্থী যাতে পুনরায় পরীক্ষা দিতে পারে, তার জন্য সরকার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে।"

প্রধানমন্ত্রীর বার্তার পর পরই শুক্রবার কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠক ডেকে অ্যান্টি-পেপার লিক (প্রশ্নপত্র ফাঁস বিরোধী) আইনে বড় ধরনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে। সূত্রে খবর, নতুন এই সংশোধিত খসড়া আইনে অপরাধীদের জন্য ন্যূনতম ৩ বছরের জেল বাড়িয়ে ৫ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি জরিমানা হিসেবে ১০ কোটি টাকা পর্যন্ত শাস্তির প্রস্তাব রাখা হয়েছে, যা আগামী সপ্তাহেই সংসদে বিল আকারে পেশ হতে পারে।